শারদ উৎসবে দুঃস্থদের নতুন বস্ত্র তুলে দিলেন আগরতলার বোধজং বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা
শারদীয়া দুর্গোৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দিতে দুঃস্থদের নতুন বস্ত্র বিতরণের উদ্যোগ নিলেন ত্রিপুরারাজ্যের আগরতলার বোধজং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকারা। নিজেদের বেতনের একটি অংশ থেকে অর্থ সংগ্রহ করে এলাকার দুঃস্থ মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেন তাঁরা। সোমবার (১২ অক্টোবর ) বিদ্যালয় প্রাঙ্গনে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষক - শিক্ষিকাদের এই মহতী উদ্যোগে সামিল হন সাংসদ রাজীব ভট্টাচাৰ্য। অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি শিক্ষক - শিক্ষিকাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সাংসদ রাজীব ভট্টাচাৰ্য বলেন, দুর্গাপুজোকে সামনে রেখে বিভিন্ন ক্লাব, সেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহন করছেন। তবে বোধজং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকাদের এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসনীয়।