
লংগদুতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রমনী রঞ্জন চাকমার অন্ত্যেষ্টিক্রিয়া ও দানানুষ্ঠান
রাঙামাটির লংগদু উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা পুণ্যকর্মের মধ্য দিয়ে প্রয়াত রমনী রঞ্জন চাকমার পরলৌকিক সৎগতি এবং সকল প্রাণীর মঙ্গল কামনায় অন্ত্যেষ্টিক্রিয়ার পুণ্যানুষ্ঠান ও মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সোনাই কার্বারী পাড়ায় দিনব্যাপী এ আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। প্রয়াত রমনী রঞ্জন চাকমা ছিলেন ওই এলাকার প্রখ্যাত কার্বারী স্বর্গীয় হরকুমার কার্বারীর সর্বকনিষ্ঠ পুত্র।
অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষু সংঘের উদ্দেশ্যে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, সহস্র প্রদীপ দান, আকাশ প্রদীপ দান এবং মহাপরিত্রাণ সূত্র পাঠসহ বিভিন্ন ধর্মীয় ও পুণ্যকর্মের আয়োজন করা হয়। এসব ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে পুণ্যার্থীরা প্রয়াতের পরলৌকিক সৎগতি, শান্তি ও স্বর্গীয় সুখ কামনা করেন। পাশাপাশি দেশ ও বিশ্বের সকল প্রাণীর হিতসুখ, মঙ্গল ও শান্তি প্রার্থনা করেন।
ধর্মীয় আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে সোনাই কার্বারী পাড়ায় স্বজন, আত্মীয়-পরিজন ও ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আয়োজিত এ পুণ্যানুষ্ঠানে দান, প্রার্থনা ও ধর্মীয় সূত্র পাঠের মধ্য দিয়ে প্রয়াতের স্মৃতির প্রতি? শ্রদ্ধা নিবেদন করা হয়।
সুশীল চাকমার সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানে প্রয়াত রমনী রঞ্জন চাকমার পরিবারের সদস্য, নিকটাত্মীয়, শ্রদ্ধালু বৌদ্ধ ধর্মাবলম্বী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে প্রয়াতের পরলৌকিক শান্তি কামনায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। ধর্মীয় পুণ্যকর্ম ও প্রার্থনার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রয়াতের স্মৃতিচারণ এবং স্বজনদের শোক ভাগাভাগির পাশাপাশি স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতির এক তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে সম্পন্ন হয়।
![]()









