তারুণ্যের সমাবেশ শেষে এবার দেশের বেশ কয়েকটি জেলায় তারুণ্যের ‘রোডমার্চ’ করতে যাচ্ছে বিএনপির তিন সহযোগী সংগঠন।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে গঠিত তারুণ্যের এ ঐক্য সরকার পতনের একদফা দাবিতে রোডমার্চ করতে যাচ্ছে। যার মূল উদ্দেশ্য তরুণদের সম্পৃক্ত করে বর্তমান সরকারের পতনের আন্দোলন তরান্বিত করা। এমনটাই জানিয়েছেন সংগঠনগুলোর শীর্ষনেতারা।
গত ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি দাবি করে তারা বলছেন, এই ইস্যুগুলো সামনে এনে জনমত গড়ে তুলে তরুণদের সরকার পতনের একদফার আন্দোলনে উদ্বুদ্ধ করাই রোডমার্চের লক্ষ্য।
আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে রংপুর থেকে সৈয়দপুর দশ মাইল হয়ে দিনাজপুর পর্যন্ত যাবে রোডমার্চটি। এর পরদিন ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী, ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার হয়ে সিলেট, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে যশোর-নোয়াপাড়া হয়ে খুলনা এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা থেকে ফেনী-মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
প্রত্যেকটি কর্মসূচিতে বিএনপির শীর্ষনেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে শুরু হতে যাওয়া রোডমার্চ উদ্বোধন করার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
এছাড়াও এ বিষয়ে বিস্তারিত জানাতে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করবে বিএনপির তিন সহযোগী সংগঠনের শীর্ষনেতারা।
জুন ও ও জুলাইয়ে দেশের ছয়টি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করেছিল বিএনপির তিনটি ছাত্র ও যুবসংগঠন- জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ২২ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ হয়। সেই সমাবেশের পর ২৮ আগস্ট ঢাকায় মহাসমাবেশ ডেকেছিল বিএনপি।