- - -

রোজার পবিত্রতায় ১২ নম্বর ওয়ার্ডে মানবিকতার জোয়ার, “গরিবের বন্ধু” আল-আমিনকে ঘিরে আস্থা আরও দৃঢ়

Print News

রোজার পবিত্রতায় ১২ নম্বর ওয়ার্ডে মানবিকতার জোয়ার, “গরিবের বন্ধু” আল-আমিনকে ঘিরে আস্থা আরও দৃঢ়

 

পবিত্র মাহে রমজানকে ঘিরে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে বেড়েছে ধর্মীয় আবহ, সামাজিক সম্প্রীতি ও জনসম্পৃক্ততা। রোজার এই সংযম ও আত্মশুদ্ধির মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রে সাবেক দুইবারের কাউন্সিলর মোঃ আল-আমিন ইসলাম। এলাকাবাসীর কাছে “গরিবের বন্ধু” হিসেবে পরিচিত এই জননেতাকে ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে।
সরেজমিনে ওয়ার্ডের বিভিন্ন মহল্লা ঘুরে দেখা যায়, রমজানজুড়ে ইফতার সামগ্রী বিতরণ, খাদ্যসামগ্রী সহায়তা, অসুস্থদের চিকিৎসা খরচে সহযোগিতা এবং দরিদ্র পরিবারের খোঁজখবর নেওয়ার কাজে সক্রিয় রয়েছেন আল-আমিন ইসলাম। অনেক পরিবারই বলছেন, রোজার মাসে তার এই মানবিক উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
স্থানীয় বাসিন্দা মিন্টু শেখ বলেন,
“রোজার সময় অনেকেই ছবি তুলে চলে যান, কিন্তু আল-আমিন নীরবে মানুষের পাশে দাঁড়ান। কার ঘরে সেহরি নেই, কার ইফতারে ঘাটতি—খোঁজ নেন নিয়মিত। এমন মানুষকেই আমরা আবার কাউন্সিলর হিসেবে চাই।”
আরেক নারী বাসিন্দা রুমা বেগম জানান,
“আমার স্বামী অসুস্থ। রোজার শুরুতে বাজার করার টাকাও ছিল না। আল-আমিন ভাই নিজে সহযোগিতা করেছেন। আমাদের মতো পরিবারের জন্য তিনি ভরসার জায়গা।”
ওয়ার্ডবাসীর ভাষ্য অনুযায়ী, তার পূর্ববর্তী দায়িত্বকালেও সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও বিভিন্ন সামাজিক উদ্যোগ ছিল দৃশ্যমান। তবে রমজানের এই মানবিক কার্যক্রম তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মোহাম্মদ আল-আমিন ইসলাম বলেন,
“রমজান আত্মসংযম ও সহমর্মিতার মাস। আমি মনে করি, মানুষের পাশে দাঁড়ানোই ইবাদতের অংশ। ১২ নম্বর ওয়ার্ডবাসী আমার পরিবার—তাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার দায়িত্ব।”
এলাকাবাসীর প্রত্যাশা, রোজার এই সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ ঈদের পরও উন্নয়ন ও জনসেবার ধারাকে আরও শক্তিশালী করবে। এখন দেখার বিষয়—রমজানের মানবিক এই উদ্যোগ ভবিষ্যৎ নির্বাচনে কতটা প্রভাব ফেলে এবং ওয়ার্ডবাসীর ভালোবাসা ব্যালটের মাধ্যমে কতটা প্রতিফলিত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa