রায়পুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত
রায়পুর (লক্ষীপুর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খানের সাথে মতবিনিময় সভা করেছে রায়পুর প্রেস ক্লাব কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালি,সহ সভাপতি মিজানুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক এম আর সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ, অর্থ সম্পাদক মিজানুর রহমান মঞ্জু, কার্য নির্বাহী সদস্য মোস্তফা কামাল, কার্য নির্বাহী সদস্য সৈয়দ আহমদ, কার্য নির্বাহী সদস্য আবদুল করিম, নুরুল আমিন ভূঁইয়া দুলাল, কার্য নির্বাহী সদস্য সোহেল আলম ও প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় বক্তব্যে রায়পুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শংকর মজুমদার বলেন, রায়পুর প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। ১৯৯২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। আমাদের এই ঐতিহ্যবাহী সংগঠন প্রশাসন বান্ধব, জনবান্ধব।
বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি উপাধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, আমরা গঠনমূলক সাংবাদিকতায় নিয়োজিত। দীর্ঘ ৩৩ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে রায়পুর প্রেস ক্লাবের। আমরা সমাজের দর্পণ হিসেবে মেধা খাটিয়ে কাজ করি। রায়পুর প্রেস ক্লাব মেধাবীদের সংগঠন।
সাংবাদিকতা ও রায়পুর প্রেস ক্লাব বিষয়ে মতবিনিময়ের গঠনমূলক পর্বে বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মোঃ আজম বলেন, রায়পুরের বিক্ষিপ্ত সংগঠনগুলোর মেধাবী সংবাদকর্মীরা রায়পুর প্রেস ক্লাবের ঐতিহ্যবাহী ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়েছে।
শুভেচ্ছা জানিয়ে ইনকিলাব প্রতিনিধি অধ্যক্ষ ড. এ কে এম ফজলুল হক বলেন, রায়পুর প্রেস ক্লাব ও রায়পুরের সাধারণ জনগণের পক্ষ থেকে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খানকে শুভেচ্ছা জানাচ্ছি। রায়পুর একটি অগ্রসর উপজেলা। জেলায় পাসের হারের ক্ষেত্রেও এগিয়ে রায়পুর। আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। শিক্ষার মান নিশ্চিত করা ও মাদকের আখড়া বন্ধে আমরা প্রশাসনের সহযোগিতা চাই। সরকারের সাফল্য ধরে রাখতে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী বলেন, নিত্যপণ্যের বাজারে প্রশাসনের তদারকি নেই। রায়পুরের মানুষ কষ্টে আছে। সংবাদকর্মী হিসেবে রায়পুরের জনগণের পক্ষে আমরা নিয়মিত বাজার তদারকির দাবি রাখছি।
মতবিনিময় সভায় রায়পুরের যানজট নিরসনে একটি বাইপাস সড়ক করার বিষয়ে দাবি উপস্থাপন করেন রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বলেন, আমি কী কাজ করবো তা আগে বলতে চাই না। কাজের পর আপনারাই দেখবেন। বিদ্যুৎতের একটি সংকট রয়েছে সেটি নিয়ে কথা বলবো। বাইপাস সড়ক নিয়ে আমরা ভাবছি। বাজার তদারকিসহ রায়পুরের স্বার্থে আমরা বদ্ধপরিকর। আমরা সুন্দর রায়পুর গঠনে আপনাদের সহযোগিতা চাই।