- - -

রাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

Print News

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হাফেজ মো. রমজান আলী (৪২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে ভূজপুর ইউনিয়নের রাবার ড্যামের পশ্চিম পাশে রঈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রমজান আলী একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জমপাড়া এলাকার গনি মেম্বার বাড়ির মুহাম্মদ হারুনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাবার ড্যাম এলাকায় কুলিং কর্নারের ব্যবসা করে আসছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রমজান আলী দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাবার ড্যাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা অতর্কিতে তাকে গুলি করে এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান, পরে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

ভূজপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. লোকমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রমজান দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে পায়ে গুলি করে টাকা ছিনিয়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে চমেকে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় জানতে ভুজপুর থানার ওসি মাহাবুবুল হককে একাধিকবার ফোন করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa