
রাজস্থানে গাড়ি দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু
ভারতের রাজস্থানের জয়পুরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক মডেল তথা অভিনেত্রীর। মঙ্গলবার (২৪ মার্চ ) ১১ টা ৩০ মিনিটে জয়পুরের শিপ্রা পথের কাছে তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। পুলিশ জানিয়েছে, অভিনেত্রী নাম হর্ষিল কালিয়া (৩০)। তিনি ” ক্রাইম নেক্সট ডোর” ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এছাড়াও একটি টিভি চ্যানেলে সংবাদ সঞ্চালকের কাজও করতেন। বহু রাজস্থানি গানের ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে। সম্প্রতি মডেলিং নিয়েই ব্যস্ত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, মঙ্গলবার (২৪ মার্চ ) রাতে একটি কাজ সেরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়েই দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয়রা গাড়িটির কাঁচ ভেঙে হর্ষিলকে উদ্ধার করেন। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগে ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। কিন্তু চিকিৎসার সময় মৃত্যু হয় হর্ষিলের। ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
![]()









