সৌজন্যসাক্ষাৎ ও মতবিনিময়কালে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিনিধি দল
রাঙ্গামাটির পাহাড়, ঝরনা ও বন উজাড় বন্ধে
সরকারের আরো বেশি সক্রিয় ভূমিকার দাবি
চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’র প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল আজ ৮ নভেম্বর, রবিবার, রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্যসাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়।
এ সময় সংগঠনের প্রতিনিধি দলটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, জেলা পরিষদের সদস্য পাইচিং মং মারমা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পরিবেশবিদ শাওন ফরিদ, দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশক নন্দন দেবনাথ, রাঙ্গামাটি পার্বত্য জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের, রাঙ্গামাটি জেলার খাদ্য নিয়ন্ত্রক মো. খাইরুল আজিজ খোকন, রাঙ্গামাটি আসবাবপত্র মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিশান চাকমা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) হাসান মোহাম্মদ নোমানের সাথে পৃথক পৃথকভাবে সৌজন্যসাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়।
মতবিনিময়কালে সংগঠনের প্রতিনিধি উপরোক্ত সরকারি ও বেসরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পার্বত্য জেলা রাঙ্গামাটি প্রকৃতির অপূর্ব নিদর্শন পাহাড়, ঝরনা ও বন উজাড় বন্ধে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থাকে নাগরিক দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, প্রকৃতির এই নিদর্শনগুলো সংরক্ষণ এবং ধ্বংসপ্রতিরোধ সরকারি একার পক্ষে সম্ভব নয়। সরকারের সাথে সমন্বিত উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট স্থানীয় সকল সংস্থা এবং পরিবেশ সংগঠনগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।

সৌজন্যসাক্ষাৎকালে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলাকে আরো নান্দনিক ও পর্যটনসমৃদ্ধ করার জন্য আরএসডি’র লেকগার্ডেন নামক প্রকল্প গড়ে তোলা হয়েছে, যা ইতিমধ্যে রাঙ্গামাটি আগত পর্যটকদের আকৃষ্ট করেছে।

রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য পাইচিং মং মারমা বলেন, রাঙ্গামাটি জেলাকে আরও নান্দনিক ও পর্যটনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নানা উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে নান্দনিকতার ছোঁয়া পরিলক্ষণ করছে রাঙ্গামাটি জেলায় আগত পর্যটকরা। আরো বেশি নান্দনিক ও পর্যটনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সাথে সমন্বিতভাবে জেলা পরিষদ কাজ করবে।
মতবিনিময়কালে সংগঠনের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য মো. মহিন উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা কমিটির সমন্বয়ন মো. নেজাম উদ্দিন।
মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের হাতে সংগঠনের প্রকাশিত স্মারকগ্রন্থ ‘গ্রীন চট্টগ্রাম-গ্রীন বাংলাদেশ’ তুলে দেন।