রাউজান কদলপুরে কবিরাজ নজির আহমদ (রাহ)-এর স্মরণ সভা অনুষ্ঠিত
গতকাল ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ, সোমবার, সকাল ১০ টায় রাউজান উপজেলার কদলপুর মীরবাগিছা কবিরাজ বাড়ী আঙ্গিনায় দেশবরেণ্য প্রসিদ্ধ আয়ুর্বেদ চিকিৎসক মরহুম কবিরাজ নজির আহমদ (রাহ্)-এর ৫ম ওয়াফাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দু'আ মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
'কবিরাজ নজির আহমদ স্মৃতি সংসদ' আয়োজিত অনুষ্ঠানসমূহের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ রসায়ন বিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর বিজ্ঞান গবেষক ড. নূ ক ম আকবর হোসেন। তিনি বলেন, রাউজানের অন্যতম কীর্তিমান পুরুষ কবিরাজ নজির আহমদ (রাহ্) কেবল চিকিৎসক নন, তিনি কিছু দুরারোগ্য ব্যাধির পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন ওষুধ উদ্ভাবনের জন্য কবিরাজ চিকিৎসা জগতে শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন।
স্মৃতি সংসদের উপদেষ্টা, ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার-এর সভাপতিত্বে স্মরণ ও সংবর্ধনা সভায় প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি বিএমসি ডিগ্রী কলেজের অধ্যাপক শিশু সাহিত্যিক বাসুদেব খাস্তগীর। তিনি বলেন, স্বনামধন্য চিকিৎসাগুরু কবিরাজ নজির আহমদ (রাহ্)-এর একমাত্র পুত্র ডা. জাফর উচ্চতর শিক্ষা অর্জনের পর সরকারী চাকুরীর সুযোগ ত্যাগ করে এবং অন্য কোন পেশায়ও না গিয়ে পিতার পদাঙ্ক অনুসরণ করে মানবসেবায় ব্রতী হন। এটা যোগ্য পিতার সুযোগ্য সন্তানের প্রকৃষ্ট দৃষ্টান্ত। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মদ রবিউল আলম। তিনি বলেন, কদলপুর গ্রামের সন্তান হওয়ায় অনুকরণীয় এ স্মৃতি সংসদ কর্তৃক সম্মাননা প্রাপ্তিতে আজ আমি খুবই ধন্য, এটি আমার আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আমি এ সংসদ কর্তৃপক্ষকের নিকট চির কৃতজ্ঞ।
অতিথি বক্তা ছিলেন অধ্যাপক ডা. পরিতোষ বড়ুয়া ও উরকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কথা সাহিত্যিক বিলাস কান্তি দাশ। তারা কবিরাজী চিকিৎসায় মরহুমের নানাবিধ অবদান ও জনহিতকর ভূমিকাগুলো তুলে ধরেন।
স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবী শিক্ষানুরাগী আলহাজ্ব ডা. মুহাম্মদ জাফর আলী।
সংসদের সাধারণ সম্পাদক শিক্ষক দিলীপ গোষের সঞ্চালনায় পবিত্র কুরআন মাজীদ তিলাওয়াত ও না'ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন মাওলানা মুহাম্মদ সোহেল উদ্দীন।
মরহুমের চিকিৎসাসেবার মধ্যদিয়ে মানবসেবার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যাপক আবু মুসা মুহাম্মদ জাবের, মাওলানা কাজী মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, আলহাজ্ব এম আবদুল্লাহ্, মুক্তিযোদ্ধা হাশেম চৌধুরী, ইন্জিনিয়ার এস এম মিনহাজুর রহমান, শিক্ষক মোহাম্মদ আবদুল মান্নান, শিক্ষক দীপক দাশ, এস এম ইলিয়াস, মাওলানা ফজলুল হালিম নূরী, শেখ আবদুল্লাহ্ মোহাম্মদ জাহেদ, ইরফান চৌধুরী অয়ন, সৈয়দ মুহাম্মদ রবিউল ইসলাম, সৈয়দ মুহাম্মদ নূরুল হাসনাত, ইশরাক চৌধুরী নিহাল, তাহসিন চৌধুরী আদিল, মুহাম্মদ হিশাম উদ্দীন প্রমুখ।
সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে "কবিরাজ নজির আহমদ সম্মাননা" প্রদান করা হয় এবং গ্রামের অসহাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সমাপনী পর্বের দু'আ মাহফিলে ঈসালে সাওয়াব ও দু'আ মুনাজাত করেন মাওলানা কাজী মুহাম্মদ ইব্রাহীম।
সভাপতির বক্ত্যবে মাওলানা জহুর বলেন, আল্লাহ্ তা'আলা জিন ও মানুষ সৃষ্টি করেছেন কেবল তার ইবাদত-বন্দেগীর জন্য। তাই তার একত্ববাদে ঈমান-আক্বীদায় অবিচল থাকার সর্বদা নির্ধারিত ও নিয়মতান্ত্রিক ইবাদতের পাশাপাশি সৎকর্মের আদেশ ও অসৎকর্মের নিষেধে অন্যকে আহ্বান করা এবং নিজেও তাতে আমল করা ইবাদতের উল্লেখযোগ্য অংশ। মানবকল্যাণ ও সমাজসেবার নিয়্যাত বা উদ্দেশ্যে শরীআতসম্মত কল্যাণকর কাজগুলোও ইবাদাতের অংশ। তিনি মরহুম কবিরাজ নজির আহমদ (রাহ্)-এর রূহের মাগফিরাত কামনা এবং তার আজীবন মানবসেবার স্মরণে আয়োজিত সভার সকল পর্ব সফলতার সাথে সম্পন্ন করতে সকলের উপস্থিতির কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে তাবারুক বিতরণ করা হয়।