মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণ, চাপা পড়ে মৃত্যু সংখ্যা বেড়ে ১৮
মেঘালয়ের কয়লাখনিতে বিস্ফোরণ। চাপা পড়ে মৃত্যু সংখ্যা বেড়ে ১৮। উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা। পুলিশ জানিয়েছে, অবৈধভাবে খনন করে ওই এলাকায় কয়লা উত্তোলনের কাজ চলছিল। সেখানে কিভাবে বিস্ফোরণ ঘটল, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার থাংস্কু এলাকার একটি কয়লা খনিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) সকালে বিস্ফোরণ ঘটেছে। রাজ্য পুলিশের ডিজিআই নোংরাং জানিয়েছেন, কয়লাখনিটি বেআইনিভাবে চলছিল বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের ফলে খনির মুখে ধস নামে এবং সেখান থেকে বেরোনোর পথ বন্ধ হয়ে যায়। ডিজি বলেন, " এখনও পর্যন্ত ১৬টি দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা গিয়েছে। বিস্ফোরণের মুহূর্তে খনির ভিতরে মোট কতজন শ্রমিক ছিলেন, তা এখনও জানা যায়নি। আরও কয়েকজন ভিতরে আটকে থাকতে পারেন। উদ্ধারের চেষ্টা চলছে " প্রথমে ১৬টি দেহ উদ্ধার হলেও পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, " পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে কয়লাখনির ঘটনায় আমি আন্তরিক দুঃখিত। দুর্ভাগ্যজনক এই ঘটনায় যাঁরা প্রিয়জনকে হারালেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। কিভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে মেঘালয় সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। যারা এর জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। ক্ষতিগ্রস্তদের পাশে আছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মেঘালয়ের ঘটনায় শোকপ্রকাশ করেছেন। কয়লাখনিতে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন তিনি। আহত শ্রমিকেরা পাবেন ৫০ হাজার টাকা করে।