মুর্শিদাবাদে জমি বিবাদে মাকে মাথায় আঘাত করে খুন করল ছেলে !
জমির মালিকানা নিয়ে বিবাদ। মাকে ইট দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। শনিবার (৫ জুলাই ) রাতে ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। অভিযুক্ত ছেলে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মৃতার নাম আরমানি বিবি (৭০)। ছেলে মংলু শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। শনিবার (৫ জুলাই ) রাতের খাওয়ার পর ঘুমিয়ে পড়েন বৃদ্ধা। অভিযোগ, তখনই বাইরে থেকে এসে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করেন মংলু। থেঁতলে দেন মাথা। তারপরই সেখান থেকে পালিয়ে যান। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি আশেপাশের লোকজন ছুটে এসে তাঁকে মহেশাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা আরমানি বিবিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও পরিবার সূত্রে প্রকাশ, আরমানি বিবির নামে কিছুটা জমি ছিল। সেই জমি তাঁর নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন অভিযুক্ত মংলু। কিন্তু রাজি হননি মা। তা নিয়ে বেশ কিছুদিন ধরেই মায়ের সঙ্গে মত বিরোধ চলছিল মংলুর। কিন্তু মৃতা শুধু ছেলেকে না দিয়ে এক মেয়েকে কিছুটা জমি লিখে দেন। তাতেই ক্ষোভ বাড়তে থাকে ছেলের। সেই আক্রোশে মাকে খুন করেছে বলে অনুমান পুলিশের। এছাড়াও বৃদ্ধার আবাস যোজনার টাকা ও হাতিয়ে নেওয়ার অভিযোগ ও উঠেছে পলাতক ছেলের বিরুদ্ধে। মংলুর বিরুদ্ধে সুতির থানায় অভিযোগ জানিয়েছে বৃদ্ধার পরিবার। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।