মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে মিয়াজী ঘাট ব্রীজের পাশে মানববন্ধন
নোয়াখালী ও ফেনীর সংযোগস্থলে ছোট ফেনী নদীর উপর নির্মিত মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে মাওলানা পাড়া যুব কল্যান পরিষদের আয়োজনে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মাওলানা পাড়ার আদর্শিক শ্বেচ্ছাসেবী সংগঠন "মাওলানা পাড়া যুব কল্যান পরিষদের" আয়োজনে মুছাপুর রেগুলেটর পুননির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মাওলানা পাড়া যুব কল্যান পরিষদের সভাপতি জহিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মাওলানা পাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোশারফ হোসেন সোহেল, শিক্ষক সানা উল্লাহ, স্থানীয় রুহুল আমিন, আব্দুর রাজ্জাক, ইমাম উদ্দিন, প্রবাসী নজরুল ইসলাম নয়ন।
উল্লেখ্য গত ২৬ আগস্ট সকাল ১০টার দিকে বন্যার পানির চাপে ধসে পড়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর স্লুইসগেট (রেগুলেটর)। পরে সেটি পুরোপুরি ধসে ছোট ফেনী নদীতে বিলীন হয়ে যায়। স্লুইসগেইট ভেঙে যাওয়ার পর থেকে ছোট ফেনী নদীর দুই পাশে নতুন করে নদীভাঙন শুরু হয়।