মুক্তিযুদ্ধে বরকল ঘাঁটির দুঃসাহসী
গেরিলা হাবিবুর রহমান
নাসিরুদ্দিন চৌধুরী
হাবিবুর রহমান একাধারে বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ এবং সমাজহিতৈষী। ১৯৬২ খ্রিস্টাব্দে বরকল হাই স্কুলে পড়ার সময় মুরিদুল আলম তাঁকে রাজনীতিতে দীক্ষিত করেন। মুরিদুল আলম তাঁর আত্মীয়। ’৬২ খ্রিস্টাব্দে তিনি চট্টগ্রাম জেলা ছাত্রলীগের শীর্ষ নেতা এবং মেধাবী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। ছাত্র হিসেবেও তিনি প্রতিভাবান ছিলেন। হাবিবুর রহমান বরকলের বাসিন্দা, মুরিদুল আলম ছিলেন বাইনজুরীর অধিবাসী। মুরিদুল আলম মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান আলীগড়ে তাঁর শিক্ষক ও শিক্ষাসচিব মি. শরীফকে প্রধান করে একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন। ১৯৬২ খ্রিস্টাব্দে তিনি শিক্ষা কমিশন রিপোর্ট পেশ করলে সেটি ছাত্ররা প্রত্যাখ্যান করে এবং উক্ত রিপোর্ট বাতিলের দাবিতে ডাকসুর উদ্যোগে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ছাত্র সংগঠনগুলো তীব্র আন্দোলন সৃষ্টি করেছিল। ’৬২-র ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস ঘোষণা করে সেদিন পূর্ব পাকিস্তানে হরতাল আহ্বান করা হয়েছিল। মুরিদুল আলম তাঁর বাড়িতে গেলে বরকল স্কুলে যান এবং স্কুলের ছাত্রদেরকে শরীফ শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। হাবিবুর রহমান সেদিনই মুরিদুল আলমের কাছ থেকে রাজনীতির সবক নেন। তিনি এসএসসি পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছিলেন সিটি কলেজে, যে কলেজটি আবার চট্টগ্রামে ছাত্র আন্দোলনের দুর্গ হিসেবে পরিচিত ছিল। সুতরাং হাবিবুর রহমান ১৯৬৪ খ্রিস্টাব্দে বরকল এস জেড উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সিটি কলেজে ভর্তি হয়েছিলেন এবং ১৯৬৬ খ্রিস্টাব্দে উক্ত কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৬৬ খ্রিস্টাব্দ একটি স্মরণীয় বছর, কারণ সে বছর বঙ্গবন্ধু চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে বাঙালির বাঁচার দাবি ৬ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। ৬ দফার ভিত্তিতে যখন বাংলার মানুষ আন্দোলনে জ্বলে উঠছে, ঠিক সেই সময়ে, ১৯৬৭ খ্রিস্টাব্দে হাবিবুর রহমান পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। তাঁর কাজ ছিল টেকনিক্যাল।
১৯৭১ খ্রিস্টাব্দের জুন মাসে ছুটিতে দেশে এসে তিনি আর চাকরিতে ফিরে যাননি। যাওয়ার প্রশ্নই ছিল না। কারণ তখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে এবং বরকলে মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর বাড়িতে মুক্তিযুদ্ধের ঘাঁটি স্থাপন করেছেন তাঁরই ছেলে শাহজাহান ইসলামাবাদী। হাবিবুর রহমানের ভাই আহমদুর রহমানও শাহজাহানের প্রাথমিক মুক্তিযোদ্ধা দলের সদস্য ছিলেন। সেসব কথা পরে, আগে হাবিবুর রহমানের ব্যক্তিগত কিছু তথ্য জেনে নেওয়া যাক।
হাবিবুর রহমানের জন্ম ১৯৪৯ খ্রিস্টাব্দের ৩০ জানুয়ারি বরকলে। তাঁর পিতার নাম হাজী আবদুর রহিম, মাতা মাকছুদা খাতুন। তাঁরা তিন ভাই ু বড় ভাই সিরাজুল ইসলাম, তিনি মেট্রিক পাস, ব্যবসায়ী। মেজ ভাই হাবিবুর রহমান। ছ্টো ভাই আহমদুর রহমান, ইন্টার পাস, তিনিও ব্যবসায়ী। তাঁদের দুই বোন ু বড় বোনের নাম হোসনে আরা বেগম, স্বামী-কবির আহমদ, শ্বশুর বাড়ি রুদুরা, আনোয়ারা। ছোট বোনের নাম নুরজাহান, স্বামী-আহমদ নবী, জোয়ারা নিবাসী।
বিমান বাহিনীতে থাকাকালে ১৯৭০ খ্রিস্টাব্দের ডিসেম্বরে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। তখন প্রাদেশিক পরিষদের নির্বাচন হচ্ছিল, নির্বাচন শেষে তিনি করাচি চলে যান। ১৯৭১ খ্রিস্টাব্দের ৭ মার্চ রেসকোর্সের ভাষণে বঙ্গবন্ধু পরোক্ষভাবে স্বাধীনতার কথা বলেছেন একথা তারা পশ্চিম পাকিস্তানে বসে শুনতে পান। এই সময় হাশিমপুরের শামসুদ্দিন ভান্ডারী নামক একজন বৈমানিকের মাধ্যমে হাবিবুর রহমান ডা. গোলাম মওলার কাছে একটি চিঠি পাঠান। গোলাম মওলা শাহজাহান ইসলামাবাদীর সঙ্গে মুক্তিযুদ্ধ গড়ে তোলার কাজে ব্যাপৃত ছিলেন। তিনি চিঠিতে লেখেন ু ‘আমি আসতেছি। তুমি যন্ত্রপাতি সব ঠিক করে রাখ। ছোটদের ট্রেনিংয়ের ব্যবস্থা কর।’
পশ্চিম পাকিস্তানে সামরিক বাহিনীতে কর্মরত বাঙালিদেরকে ছুটি দেয়া হচ্ছে না এই মর্মে জাতিসংঘ একটি অভিযোগ পেয়েছিল। ১৯৭১-এর ১৯ জুন হাবিবুর রহমান এবং বরমার আবদুচ সবুর করাচী থেকে বাংলাদেশে আসার উদ্দেশ্যে যাত্রা করেন। তাঁরা প্রথমে কলম্বো এবং কলম্বো থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম আসেন।
হাবিবুর রহমান দেশে এসে প্রথমেই গোলাম মওলার সাথে দেখা করেন। তিনি গোলাম মওলার কাছে তার চিঠি পেয়েছেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন তোমার চিঠি আসার আগেই আমরা এখানে কাজ শুরু করে দিয়েছি। তোমার ভাইও আমাদের সঙ্গে আছে। তাছাড়া মুরিদুল আলম সাহেব এবং ফেরদৌস ইসলাম খানও আছেন। তারা বরকল স্কুলের মাঠে মুক্তিযুদ্ধে যোগদানেচ্ছু তরুণ ছাত্র যুবকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। ট্রেনিং দিচ্ছেন ডা. গোলাম মওলা। তাঁর সহকারী ফেরদৌস ইসলাম খান ও মাহমুদুর রহমান। পরবর্তী পর্যায়ে সুবেদার আবদুল লতিফ ও সুবেদার সিরাজ ট্রেনিং দেন। কানাইমাদারীর বেঙ্গল রেজিমেন্টের হাবিলদার আবু ইসলাম, তাঁর ভাই এবং তাঁর গ্রুপের আরও কয়েকজনকে নিয়ে শাহজাহান ইসলামাবাদীর গ্রুপে যোগ দিয়েছেন।
হাবিবুর রহমান অপারেশনে জড়িত হয়ে যান। তাঁদের কাছে একদিন খবর আসে বৈলতলীর একটি বাড়িতে একজন রাজাকার কমান্ডার অবস্থান করছে। এ খবর পেয়ে হাবিলদার আবু ও হাবিব বৈলতলীর উক্ত বাড়িতে গিয়ে রাজাকার কমান্ডার মোহাম্মদ শফিকে হত্যা করেন।
বন্দরে নৌকমান্ডো অপারেশনেও হাবিলদার আবু ও হাবিব সাহায্য করেন। তাদের কাছে খবর আসে পটিয়া কেলিশহরে পাঁচ জন কমান্ডো এসেছেন, তাদেরকে নিয়ে আসতে হবে। হাবিব, ফেরদৌস, আহমদুর রহমান, মনসার মুক্তিযোদ্ধা ইউসুফের ভাই এডভোকেট মোহাম্মদ আলী, টি কের আবু তৈয়ব এবং ছাত্রনেতা আ ক ম শামসুজ্জামান কেলিশহর গিয়ে তাদেরকে রিসিভ করে বরকল নিয়ে আসেন। পরে তাদের জায়গায় পৌঁছিয়ে দেন।
পটিয়া থানার হাবিলাসদ্বীপ ইউনিয়নের সফর আলী মুন্সির হাটে একটি অপারেশনে অংশ নেন হাবিব। সেটা হচ্ছে ভরা বাজারে একজন কুখ্যাত রাজাকারকে খতমের অপারেশন। পরিকল্পনা করেন ফেরদৌস ও আহমদুর রহমান। আসরের সময় হাবিব, কমান্ডার আহমদ নবী, আসলাম, রফিক, আলমগীর (মাস্টার) বাজারে গিয়ে দোকানে বসা অবস্থায় উক্ত রাজাকারকে হত্যা করেন।
জিরি মাদ্রাসা, আনোয়ারা থানা অপারেশন, টিক্কা খান অপারেশন, বসরত নগর মাদ্রাসা অপারেশন, চাঁদপুর গোডাউন অপারেশন এবং গৈড়লার টেক অপারেশনে অংশগ্রহণ করেন হাবিবুর রহমান। বসরত নগর মাদ্রাসা অপারেশনে আহমদুর রহমান, ফেরদৌস, আলমগীর, হাবিবুর রহমান, সবুর, মনির, সোলায়মান ও ইসলাম খান অংশগ্রহণ করেন। চাঁদপুর গোডাউন অপারেশনে গিয়েছিলেন হাবিব, বশর, ফেরদৌস, আহমদুর রহমান, ইদ্রিচ (মাহাতা), এনাম, মোজাহের, আলমগীর ও সোলায়মান খান।
মুক্তিযুদ্ধে হাবিবুর রহমানের একটি উল্লেখযোগ্য অপারেশন হলো আনোয়ারা থানা অপারেশন। ২২ সেপ্টেম্বর রাতের শেষ প্রহরে, আনুমানিক ভোর ৫টায় আনোয়ারা থানা আক্রমণ করা হয়। সমস্ত পরিকল্পনা সার্জেন্ট আলমের, সার্বক্ষণিক কমাণ্ডেও ছিলেন তিনি। অপারেশন কমান্ডার হাবিলদার আবু। অপারেশনের পূর্বে থানার চারপাশের অবস্থান, মুক্তিযোদ্ধারা কোথায় পজিশন নিতে পারেন, প্রয়োজনে উইথড্র করতে পারেন, থানার পুলিশদের ডিউটি আহার ও বিশ্রামের সময় সমস্ত কিছু রেকি করে জেনে নেওয়া হয়। আক্রমণে অংশ নিয়েছিলেন সুবেদার আবদুল লতিফ, সুবেদার সিরাজ, হাবিবুর রহমান (বর্তমানে চেয়ারম্যান- বরকল ইউনিয়ন), ফেরদৌস ইসলাম খান, আহমদর রহমান, মজহারুল ইসলাম, আবদুল লতিফ, মোহাম্মদ কাশেম, বিএলএফ এর আনোয়ার গ্রুপের নাসির (নাসিরুদ্দিন চৌধুরী, সাংবাদিক), জব্বার, সোলায়মান, মালেক, মোহাম্মদ, ইসলাম খান, শাইর মোহাম্মদ, আলমগীর-১, আলমগীর-২, দুদু মিয়াসহ আরো অনেকে। তিনদিকে পজিশন নিয়ে মুক্তিযোদ্ধারা থানা আক্রমণ করেন। থানার দক্ষিণ-পূর্বে বর্তমানে যেখানে মিষ্টির দোকান আছে, সেখানে পজিশন নিয়েছিলেন হাবিলদার আবু ও সুবেদার লতিফ, পূর্ব কোণে সুবেদার সিরাজ ও হাবিবুর রহমান, উত্তর কোণে পুকুরের পশ্চিম পাড়ে রেজিস্ট্রি অফিসের সামনে বর্তমানে যেখানে পূবালী ব্যাংকের অফিস আছে, সেখানে ফেরদৌস, আহমদর রহমান এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা পজিশন নিয়েছিলেন। তাদের ফায়ার পাওয়ার ইত্যাদি ভালোমত খোঁজ-খবর নিয়ে, রেকি করে তবেই অপারেশনের পরিকল্পনা তৈরি করা হয়। অপারেশনের পূর্বে মুক্তিযোদ্ধারা তৈলারদ্বীপে কমান্ডার সুবেদার আবদুল লতিফের বাড়িসহ বিভিন্ন বাড়িতে গিয়ে অবস্থান নেন। তাদের কাছে এলএমজি, এফএমসি, এসএমজি, থ্রি নট থ্রি রাইফেল ও গ্রেনেড ছিল। মুক্তিযোদ্ধারা যখন ফায়ার শুরু করেন, তখন ওসি ও দুজন পুলিশ (তারা থানায় ছিলো) ছাড়া অন্যরা ব্যারাকে ছিলো। মুক্তিযোদ্ধারা ব্যারাককে টার্গেট করে আক্রমণ পরিচালনা করেন। ফলে তাদের হতাহত হয় বেশি। প্রায় ২৩/২৪ জন পুলিশ মারা যায়, আর কিছু লাফিয়ে পুকুরে পড়ে প্রাণ বাঁচাতে সক্ষম হয়। এই অপারেশনে হাবিলদার আবুর বাম হাতে গুলি লাগে। ১১ জন পুলিশ বাংলাদেশের প্রতি আনুগত্য স্বীকার করে তাদের দলে যোগ দেয়। থানা শিক্ষা কর্মকর্তা এয়াকুবকে মুক্তিযোদ্ধারা ঘরে নিয়ে যান এবং তাকে পাকিস্তানের পক্ষ ত্যাগ করতে বলেন। সার্কেল অফিসারের (সিও) মেয়ে হাবিলদার আবু’র হাতের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয় এবং ওষুধ দেয়।
বিজয়ের পর শাহজাহান গ্রুপ থেকে সাত ট্রাক অস্ত্র জমা দেওয়া হয় প্যারেড মাঠে ক্যাপ্টেন এনামের কাছে।
হাবিবুর রহমান স্বাধীনতার পর আওয়ামী লীগে যোগদান করেন। একই সঙ্গে সামাজিক কাজকর্মেও জড়িত হন। তিনি বরকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন দু’বার, চন্দনাইশ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন।
রাজনীতির চাইতে সমাজসেবক হিসেবে হাবিবুর রহমানের সুখ্যাতি বেশি। তিনি ১৯৭৩ খ্রিস্টাব্দে বরকল ইউনিয়নের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। পরে তিনি তিনবার ২০১১, ২০১৫ ২০১৬ খ্রিস্টাব্দে চেয়ারম্যান নির্বাচিত হন।
হাবিবুর রহমানের স্ত্রী তাহেরা বেগম। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে। ছেলের নাম ু রায়হান ফেরদৌস, ইন্টার পাস; মোস্তারি শফি তারিম, ইন্টার পাস; আতিয়ার রহমান, বিএ পাস; আরাফাত রহমান, ইন্টার পাস, ব্যবসায়ী।