নাটোর- ৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেতে ১৭ প্রার্থী মনোনয়ন উত্তোলন করেছেন। মনোনয়ন উত্তোলনকারী অনেক আওয়ামী লীগ নেতাকেই চেনেন না সাধারণ কর্মীরা। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের এই আসনটি ধরে রাখতে সদ্য প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তিকে একক মনোনীত প্রার্থী করার সুপারিশ করেছে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ।
দুই উপজেলা আওয়ামী লীগের সুপারিশ সঠিক বলে মত দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরাও।
সম্প্রতি বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান এবং গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত দুটি চিঠি কেন্দ্রীয় আওয়ামী লীগকে পাঠানো হয়েছে।
কেন্দ্রে পাঠানো উভয় চিঠিতে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ, সব ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পরামর্শ যে, আসন্ন জাতীয় সংসদের উপ-নির্বাচনে কোহেলী কুদ্দুস মুক্তিকে মনোনয়ন দিলে নিশ্চিত জয়লাভ করা সম্ভব।
জানা গেছে, গত ৩০ আগস্ট এই আসন থেকে ৫ বারের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মারা যান। জাতীয় সংসদ থেকে আসনটি শূন্য ঘোষণা করা হলে উপনির্বাচন তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১১ অক্টোবর আসনটির উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই আসনের নৌকা প্রতীকে ভোট করতে ইতিমধ্যে ১৭ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থক শামীম হোসেন বলেন, গুরুদাসপুর ও বড়াইগ্রামকে আওয়ামী লীগের ঘাঁটি করতে প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ভূমিকা অন্যতম। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থাতেও আওয়ামী লীগের দুর্গ ভাঙতে পারেনি। আওয়ামী লীগ অধ্যুষিত আসনটিতে অনেকে প্রার্থী হতে চাচ্ছেন; তবে তাদের আমরা সাধারণ কর্মীরা কখনো মাঠে দেখিনি।
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের আব্দুল মতিন বলেন, রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করা কোহেলী কুদ্দুস মুক্তির রাজনীতির হাতেখড়ি পরিবারে হয়েছে। তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক পদে যথাযথভাবে দায়িত্ব পালন করতে এবং সব আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে অগ্রণী ভূমিকা রাখতে দেখা যায়। নিজেকে গড়ে তুলেছেন একজন বলিষ্ঠ কর্মী, পরীক্ষিত ও স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে।
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী বলেন, এক-এগারো পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনে বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে রাজধানীতে প্রবল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন মুক্তি। তার হাতে গড়া সামাজিক সংগঠন কল্লোল ফাউন্ডেশনের মাধ্যমে করোনাসহ সব প্রাকৃতিক দুর্যোগে হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা, মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিশেষ বৃত্তি প্রদান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন বয়সের মানুষের জন্য ‘স্বপ্নধার’ নামক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। তাই তৃণমূলের নেতাকর্মীরা কোহেলী কুদ্দুস মুক্তিকে মনোনয়ন দেয়ার দাবি করেছেন।
গুরুদাসপুরের ড. জোহা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক নাসরিন সুলতানা রুমা বলেন, নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ বাড়ানোর শর্ত শূন্য আছে। আর কোহেলী কুদ্দুস মুক্তিকে নির্বাচনের সুযোগ দিলে সংসদে নারীদের অংশগ্রহণ বাড়বে।
নাসরিন সুলতানা রুমা বলেন, একজন নারী রাজনৈতিক কর্মী হিসেবে মুক্তি ২ উপজেলায় সামাজিক কাজ করে যাচ্ছেন। তার কল্লোল ফাউন্ডেশন মানুষের পাশে থাকার জন্য ‘জয় বাংলা অ্যাওয়ার্ড’ পেয়েছে।
বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহাবুল ইসলাম বলেন, দুই উপজেলার সিদ্ধান্ত সঠিক। মুক্তি আপা সেই বিরোধী দলের সময় থেকে রাজপথে আন্দোলন-সংগ্রাম করছেন। উনি শুধু আব্দুল কুদ্দুস সাহেবের সন্তান হিসেবে না বরং ব্যক্তিগতভাবে উনি এমপি হওয়ার যোগ্য। ব্যক্তি মুক্তি আপা অন্যান্য প্রার্থীদের চেয়ে অনেক বেশি যোগ্য। কারণ দুই উপজেলাতেই তার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে।