মালদহে শিয়ালের হানায় আক্রান্ত গ্রামবাসীরা
শিয়ালের দৌরাত্ম্যে ঘুম উড়েছে এলাকার মানুষের। চাষের জমিতে লুকিয়ে থাকা শিয়ালের দলের আক্রমণের মুখে পড়ে কমপক্ষে ১৩ জন গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন। শুধু মানুষ নয়, শিয়ালের কবলে প্রাণ হারিয়েছে অনেক ছাগল - মুরগি ও। শিয়ালের আতঙ্কে চিন্তিত ভারতের পশ্চিমবঙ্গের মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কাননপাড়া এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে প্রকাশ, সাম্প্রতিক সময়ে একদল শিয়াল প্রায়শই এলাকায় ঢুকে তান্ডব চালাচ্ছিল। অনেক বাড়ি থেকেই ছাগল- মুরগি টেনে নিয়ে যাচ্ছিল বলে খবর। তবে এবার তাদের আক্রমণের শিকার হলেন গ্রামবাসী। গ্রামের এক আখের ক্ষেতে দিনের বেলায় চাষের কাজ করছিলেন কয়েকজন। সে সময় অতর্কিতেই তাঁদের উপর হামলা করে শিয়ালের দল। ভয়ে অনেকে পালাতে পারলেও বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের কারও চোখে, কারও আবার মুখে থাকা বসিয়েছে শিয়ালেরা। কামড় বসিয়েছে শরীরের অন্যান্য অংশে ও। শিয়ালের আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছে মাথাও। গুরুতর আহত অবস্থায় ১৩ জন গ্রামবাসীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিয়ালের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত গ্রামবাসীদের। উঠছে বন দপ্তরের ভূমিকা নিয়ে ও অভিযোগ। গ্রামবাসীদের দাবি, গ্রামে শিয়ালের দলের হানা নিয়ে বারবার বন দফতরকে জানিয়েও লাভ হয়নি। তারা যদি ঠিকঠাক পদক্ষেপ করত, তবে গ্রামবাসীদের এই দুর্ভোগ হত না।