মানবাধিকার রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার অভিষেক সম্পন্ন
গত ২৫ নভেম্বর ২০২৩ খ্রি. শনিবার বিকাল ৩ টায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার ১৩ তম কার্যকরী পরিষদ (২০২৩-২০২৭)-এর অভিষেক অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম নগরের বহদ্দারহাটস্থ বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিস কম্পাউন্ডে সংস্থার কমিউনিকেশন অফিসে অনুষ্ঠিত অভিষেকে প্রধান অতিথি ছিলেন সংস্থার চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মানবাধিকার বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হক। সভাপতিত্ব করেন পুননির্বাচিত সভাপতি মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানবাধিকার সংগঠক নূরুল ইসলাম আজাদের সঞ্চালনায় অভিষেকের প্রারম্ভে পবিত্র কুরআন মাজীদ তিলাওয়াতের মাধ্যমে সংস্থার প্রধান অতিথি নবনির্বাচিত পদস্থ ও নির্বাহী সদস্যদের শপথ পাঠ করান।
শপথপর্ব শেষে সংস্থার অনুসৃত কর্মসূচি বাস্তবায়নের প্রতিজ্ঞা ব্যক্ত করে সংস্থার সংশ্লিষ্ট সকলের স্ব স্ব দায়িত্ব ও অবস্থান থেকে সহযোগিতা কামনা করে সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ। সংস্থার অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে ভবিষ্যৎ কার্যক্রম আরো জোরদারের আহ্বান করে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বঙ্কিম চন্দ্র দাশ, সহ-সাধারণ সম্পাদক মো. নূরুল আজিম, মো. সাজ্জাদুল করিম রিংকু, দফতর সম্পাদক খোরশেদ আলম ফারুকী, কোষাধ্যক্ষ মুহাম্মদ ওসমান, নির্বাহী সদস্য অ্যাডভোকেট কে আর এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু, মৌলিক অধিকার বিষয়ক উপ-কমিটির শিক্ষা ও গবেষণা বিভাগের সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ শওকত হোসেন, বাসস্থান ও আবাসন বিভাগের সমন্বয়ক লায়ন সিএসকে সিদ্দিকী, বস্ত্র ও কর্ম সংস্থান বিভাগের সদস্য ফিরোজ আহমেদ চৌধুরী, জুরি অ্যাণ্ড আর্বিট্রেশন বোর্ডের চন্দ্রঘোনা ইউনিটের প্যানেল মেডিয়েটর মাস্টার মুহাম্মদ খুরশীদ আলম, আজীবন সদস্য ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন শাখার প্রধান নির্বাচন কমিশনার প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব, আজীবন সদস্য ও বেতাগী ইউনিয়ন শাখার নির্বাচন কমিশন সচিব ইঞ্জিনিয়ার কাজী রাশেদ ও ইউনিয়ন শাখাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকের সমন্বয়ে গঠিত উপজেলা মডেল শাখার সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
পৌরসভা শাখার প্রতিনিধি ও কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য মোহাম্মদ ঈছা চৌধুরী জাহাঙ্গীর নবনির্বাচিত কার্যকরী পরিষদ ও অন্যান্য সহকারী-সহযোগী কমিটি সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে আসন্ন ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উভয় শাখার যৌথ ব্যবস্থাপনায় উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ আজমল হক বলেন, জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, ৩০টি ধারা ও সনদের আলোকে নির্যাতিত, অসহায়দের সংস্থার প্যানেল মেডিয়েটর দ্বারা সালিসী ব্যবস্থায় এবং প্যানেল ল'ইয়ার দ্বারা আইন সহায়তা প্রদানই আমাদের এ সংস্থার মৌলিক কাজ। তবুও দেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক দুরাবস্থায় সংখ্যাগরিষ্ট মানুষ আজ নানাভাবে অধিকারবঞ্চিত। ভীতিকর পরিস্থিতিতে নিরাপদে জীবন যাপনে শংকিত, আতঙ্কিত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ঊর্ধ্বগতির নাজুক এ পরিস্থিতিতে মধ্য ও নিম্ন মধ্যবিত্তদের আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধির কারণে অধিকাংশ মানুষ আর্থিকভাবে প্রতিনিয়ত নিঃস্ব হতে চলেছে। এ অবস্থায় ভুক্তভোগীরা আমাদের মানবাধিকার কর্মীদের কাছে আক্ষেপ, ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করা স্বাভাবিক। তাই তাদের মনোভাবের প্রতি শ্রদ্ধা রেখে বলতে হবে, আমাদের সংস্থার মৌলিক কাজ হল ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের অধিকার হরণ সম্পর্কিত প্রতিকার মামলায় আইন-সহায়তা প্রদান করা। তিনি বলেন, সংস্থার চট্টগ্রাম জেলা শাখার আওতাধীন মফস্বলের উপজেলা ও পৌরসভা শাখাগুলোর গতিশীলতা আনয়নে রাঙ্গুনিয়া মডেল শাখার অনুকরণ প্রয়োজন। মানবাধিকার দিবস উদযাপন পরবর্তী চট্টগ্রাম জেলা শাখার পুনর্গঠনে রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা কর্তৃপক্ষের সহযোগিতা জরুরী।
সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার বলেন, ব্যক্তিগতভাবে সৎ, পারিবারিকভাবে দায়িত্বশীল, সামাজিকভাবে গ্রহণযোগ্য, প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিকভাবে বিশ্বস্ত, রাজনৈতিকভাবে পরমত সহিষ্ণু ও বিবেকবান, জাতি ধর্ম বর্ণ ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে পরোপকারী সমমনা ব্যক্তিদের নিয়েই এ সংস্থার কার্যকরী পরিষদ ও সহযোগী কমিটিগুলো গঠন-পুনর্গঠন করা হয়।
তিনি সংস্থার আদর্শ প্রতিফলন ও লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে বিনাপারিশ্রমিকে মেধা, প্রতিভা দ্বারা ভূমিকা ও আন্তরিকতার প্রচেষ্টার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে সভা করেন।