মানবাধিকার রাঙ্গুনিয়া পৌরসভা শাখার অভিষেক সম্পন্ন
গতকাল ৪ নভেম্বর ২০২৩ শনিবার, বেলা ১১ টায় কাপ্তাই রোডস্থ সৈয়দবাড়ী "ড্রিম রেস্টুরেন্ট"-এ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া পৌরসভা শাখার নবনির্বাচিত ৬ষ্ঠ কার্যকরী পরিষদ, মৌলিক অধিকার বিষয়ক উপকমিটি, লিগ্যাল এইড বোর্ড ও জুরি অ্যাণ্ড আর্বিট্রেশন বোর্ড সংশ্লিষ্টদের অভিষেক অনুষ্ঠিত হয়।
১ম পর্বে সভাপতিত্ব করেন বিগত আহ্বায়ক কমিটির আহ্বায়ক এস এম ইফতেখার হোসেন। প্রধান অতিথি ছিলেন সংস্থার চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সহ-সভাপতি আলহাজ নূরুল ইসলাম আজাদ। পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম এ সালাম। এরপর বিগত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নবনির্বাচিত সভাপতিকে দায়িত্ব হস্তান্তর করে অনুষ্ঠানের ১ম পর্বের কর্মসূচি সম্পন্ন করেন।
২য় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে এহসান শামীমের সঞ্চালনায় জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার সনদ বাস্তবায়নে সংস্থার রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা ও পৌরসভা শাখার ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন বিশেষ অতিথি আলহাজ নূরুল ইসলাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ৩৩ টি ধারা সম্বলিত সার্বজনীন মানবাধিকার সনদের ঘোষণাপত্র অনুমোদনের মধ্য দিয়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে পর্যায়ক্রমে মানবাধিকার নীতি-আদর্শ বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন এ দেশে জাতিসংঘের অনুমোদনে ১৯৭৭ সালে সাংগঠনিকভাবে সর্বপ্রথম "বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা" জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার বাস্তবায়নের কার্যক্রম শুরু করে। ১৯৮৫ সালে চট্টগ্রাম আইন কলেজের প্রিন্সিপ্যাল ব্যারিস্টার সলিমুল হক খান মিল্কীর নেতৃত্বে বৃহত্তর চট্টগ্রামে এ সংস্থার কার্যক্রম শুরু হয়। ১৯৯০ সাল থেকে রাঙ্গুনিয়া উপজেলায় এবং ২০০৮ সাল থেকে রাঙ্গুনিয়া পৌরসভায় এ সংস্থার কার্যক্রম সুচারুরূপে চলে আসছে।
সংস্থার সাংগঠনিক ধারাবাহিকতায় আজ পৌরসভা শাখার ৬ষ্ঠ কার্যকরী পরিষদের অভিষেকে তিনি নবনির্বাচিত প্রবীণ-নবীন মানবাধিকার নেতা-কর্মীদের জেলা ও উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শপথবাক্য পাঠ করান।
শপথপর্ব শেষে মাওলানা মুহাম্মদ আলমগীর, মোহাম্মদ খাইরুল আলম, কমরেড প্রমোদ বরণ বড়ুয়া, ডা. সুভাষ চন্দ্র সেন, মোহাম্মদ আবদুল মান্নান, প্রকৌশলী সুলতান মাহমুদ বেলাল, মো. দিদার-উজ-জামান, অ্যাডভোকেট মো. সেকান্দর, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, পৌর কাউন্সিলর আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতি স্ব স্ব অবস্থান থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে সভা সমাপ্ত ঘোষণা করেন।