লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, মানবসেবা ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সংবাদকর্মীদের ভূমিকা অপরিসীম। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রমের খবরাখবর জনমানসে প্রগাঢ়ভাবে তুলে ধরতে পারলে রাস্ট্রের নাগরিকেরা সত্যিকারার্থে সকল প্রকার রাস্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম ক্লাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কার্যকরী পরিষদের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য রাখেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে'র ভারপ্রাপ্ত সভাপতি রুবেল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন দুলাল, টিভি ইউনিট চীফ তৌহিদুল ইসলাম, প্রতিনিধি ইউনিট চীফ সোহেল সরোয়ার, দৈনিক পূর্বদেশ ইউনিট চীফ দীপক বড়ুয়া ও দৈনিক যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার নুরউদ্দীন খান সাগর।
শিল্পপতি সমাজসেবক ও বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী রাজনীতিবিদ জননেতা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান আরো বলেন, প্রচুর পরিমাণ বরাদ্দ ও উন্নয়ন কার্যক্রমের প্রতিচ্ছবি জনগণের কাছে না পৌঁছানো এবং বন্টনে অসামঞ্জস্যতার কারণে বিরোধীরা বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের বিষয়ে অপপ্রচারের সুযোগ পাচ্ছে। অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার সুযোগ থাকলে মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমানো যাবে। আর, এই পুরো বিষয়টি সাংবাদিক বন্ধুদের হাতের মুঠোয়। তিনি এ বিষয়ে স্বাধীন বাংলাদেশের স্বনামধন্য পত্র-পত্রিকা-মিডিয়ার সাংবাদিকদের ভূমিকা রাখতে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের বড়ভাই ইমতিয়াজ ইকরাম। তিনি বলেন, শুধুমাত্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে দেশ ও দশের মঙ্গল করবার উদ্দেশ্যে আমার করিৎকর্মা ছোটভাই এগিয়ে এসেছে। পরিচ্ছন্ন মনমানসিকতা এবং ব্যবসা-বাণিজ্যে সফল এই মানুষটি বৃহৎ পরিসরে জনসেবা করতে পারলে তৃণমূল জনসাধারণের প্রভুত উন্নতি হবে বলে আমার বিশ্বাস। আমি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সকল প্রকার সহযোগিতা প্রত্যাশা করি।