
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-কক্সবাজারের উপ-পরিচালকের সাথে অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের মতবিনিময়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডলের সাথে অ্যান্টি ড্রাগ নেটওয়ার্ক নেতৃবৃন্দ ২৯ জুলাই, বুধবার, বিকাল ৩টায় কক্সবাজারস্থ জেলা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-কক্সবাজারের উপ-পরিচালক সোমেন মন্ডল বলেন, সরকারের সকল পর্যায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে জোরালোভাবে কাজ করছে। বর্তমান সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর কক্সবাজার কার্যালয়ে মাদকের আখড়াখ্যাত টেকনাফ-উখিয়া থেকে মাদক নির্মূল ও প্রতিরোধে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এরপরও মাদক কারবারীরা প্রশাসনের নজর এড়িয়ে তাদের মাদক পাচার ও ব্যবসা চালিয়ে যাচ্ছে। সেটি সরকার ও প্রশাসনের জন্য উদ্বেগজনক। মাদক পুরোপুরি নির্মূলে সরকারের সাথে সাথে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোরালো ভূমিকা দরকার। অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের মাদকবিরোধী কর্মকাণ্ডকে আমি স্বাগত জানাই।
অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের সভাপতি স ম জিয়াউর রহমান এ সময় বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ প্রশাসন আমাদের সংগঠনকে সার্বিক সহযোগিতা করলে মাদক প্রতিরোধে ও নির্মূলে জনসচেতনতা বাড়াতে আমাদের সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে আসবে। সংগঠনের উদ্যোগে ইতিমধ্যে চট্টগ্রামে বেশ কয়েকটি মাদকবিরোধী সভা-সেমিনার সম্পন্ন করা হয়েছে। আগামীতে কক্সবাজার জেলার মাদক আখড়াখ্যাত টেকনাফ-উখিয়া-রামু ও কক্সবাজার সদরে সভা-সেমিনার ও মাদক প্রতিরোধে ক্যাম্পেইন কার্যক্রমের মাধ্যমে জনসাধারণকে মাদকবিরোধী কর্মকাণ্ডে উৎসাহিত করবে।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য, অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের সদস্য, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মো. জামাল উদ্দিনকে গত ২৭ জুলাই রাত ৯টায় হ্নীলা বাস স্টেশন থেকে অপহরণপূর্বক হত্যার উদ্দেশ্যে ইয়াবা কারবারীরা আক্রমণ করায় ঘটনায় উদ্বেগ জানানো হয়। সাংবাদিক জামাল উদ্দিন দীর্ঘদিন টেকনাফ-উখিয়ার মাদক কারবারীদের বিরুদ্ধে লেখালেখি করে আসছিলেন।
মতবিনিময়কালে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজামী, সদস্য জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আয়েশা সিদ্দিকা, আবদুল মোমেন প্রমুখ।
![]()









