মাজারের খাদেমকে পিটিয়ে আহত, ১০ দিনেও মামলা নেয়নি পুলিশ
হবিগঞ্জের মাধবপুরে ওয়ারিশান সম্পত্তি দাবিকে কেন্দ্র করে মাজারের এক খাদেমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের শিবনগর গ্রামের বাসিন্দা আশরাফ আলী (খাদেম) গত ২৩ জুন স্থানীয় কিছু দুর্বৃত্তের হামলার শিকার হন। তাকে সারাদিন আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান ও তার দল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রজব আলী, ইয়াকুব আলীসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগটির তদন্ত কর্মকর্তা হিসেবে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কুদ্দুস মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে ঘটনার ১০ দিন পার হলেও গুরুতর আহত হওয়া সত্ত্বেও এখনো মামলা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। এ নিয়ে তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, আশরাফ আলী দীর্ঘ প্রায় দুই যুগ ধরে সিলেটের হযরত শাহপরান (রহ.) ও শাহজালাল (রহ.) মাজারে খাদেম ও স্বেচ্ছাসেবী ভক্ত হিসেবে কর্মরত রয়েছেন। নিজ এলাকায় পৈতৃক সম্পত্তিতে অংশ না পাওয়ায় তিনি বিভিন্ন সময়ে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও বারবার ব্যর্থ হন এবং হামলার শিকার হন।
আশরাফ আলী বলেন, “আমি গরিব মানুষ। আমার টাকা-পয়সা নেই বলে আমি ন্যায়বিচার পাচ্ছি না। আমাকে নির্মমভাবে পিটিয়েছে, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
এ বিষয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ও অভিযোগের তদন্ত কর্মকর্তা কুদ্দুস মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানান এবং বিষয়টি কাশিমনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দেখার কথা বলেন।
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।”
ছবি: আহত মাজারের খাদেম আশরাফ আলী।