মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল আযহা-র জামাতে অংশ নেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মাঃ)
গত ১০ জিলহজ্জ্ব, পবিত্র ঈদ উল আযহা-র দিনে সকাল ৯:০০ টায় মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে পবিত্র ঈদ উল আযহা-র জামাত অনুষ্ঠিত হয়। এতে গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ) -র আওলাদে পাকগণ ও হাজারো আশেক ভক্ত ও মুসল্লীদের নিয়ে ঈদ জামাতে অংশ নেন বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরীকা, ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া-র প্রবর্তক গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)-র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মনজিল এর সম্মানিত সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মাঃ)।
ঈদ জামাতে অংশগ্রহণের পূর্বে তিনি আশেক ভক্ত জায়েরীণদের নিয়ে নুরুল আলম গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)-র প্র-পৌত্র বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) মাজার শরীফে আতর-গোলাপ ছিটানোর মাধ্যমে দিনের সুচনা করেন।
ঈদ জামাত পরবর্তীতে
মাইজভান্ডার শরীফস্থ শাহী ময়দানের মিলাদ কিয়াম ও মুনাজাতে তিনি অংশগ্রহণ করেন। পরবর্তীতে বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) -র মাজার শরীফে গাউসিয়া হক মনজিল এর কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মুনাজাত হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মাঃ) - র সদারতে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মিলাদ ও কিয়াম শেষে দেশ-জাতি ও উম্মাহ-র সর্বাঙ্গীণ কল্যাণ কামনায় আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করা হয়।
কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মুনাজাত শেষে হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) আগত ভক্ত জায়েরীণ, শিশু-বৃদ্ধ সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে গাউসিয়া হক মনজিল এর পক্ষ হতে আগত সকল ভক্ত জায়েরীণদের জন্য সার্বজনীনভাবে তবাররুকাত বিতরণ করা হয়।
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মঃ) সাধারণ আশেক ভক্ত জায়েরীণদের সাথে নিয়মিত সাক্ষাৎ প্রদান করবেন।