মন্ত্রী সভার আকার বাড়ছে, আজ শপথ
নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মন্ত্রিসভার আকার বাড়ছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হবে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে গতকাল একজন মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী শপথ নিতে পারেন।
এদিকে সরকারি যানবাহন অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১০ থেকে ১২টি গাড়ি ও পতাকা প্রস্তুত রাখতে বলা হয়েছে তাদের । সে অনুযায়ী গাড়ি ও পতাকা প্রস্তুত করেছে তারা। তারা আরও জানান, মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা মোতাবেক যে কোনো সংখ্যক গাড়ি সরবরাহ করতে প্রস্তুত সরকারি যানবাহন অধিদপ্তর।
জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে বলেন- মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথের বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। আমি যা বলব তা একবারেই বলব। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, সেটাও আমি বলব না।
যদিও কতজন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন সেটি এখনো জানা যায়নি। তবে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর শপথের ফোল্ডার প্রস্তুত রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এদিকে বিশ্বস্তসূত্রে জানা যায়,
চট্টগ্রামের মানুষ আরও একজন পূর্ণ মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পেতে পারেন। এতে বেশ আলোচনায় আসছে সংরক্ষিত নারী আসনের সাংসদ ওয়াসিকা আয়েশা খান ও লুবনা হারুন চৌধুরীর নাম। অনেকে আবার বলেছেন চন্দনাইশের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ও পটিয়ার এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরীও নতুন মন্ত্রী সভায় স্হান পেতে পারেন। আরেকটি সূত্র মিরসরাই থেকে নির্বাচিত সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের পুত্র মাহবুব উর রহমান রুহেল মন্ত্রী সভায় স্হান পেতে পারেন বলে জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১১ জানুয়ারি ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। অন্যবারের তুলনায় এ মন্ত্রিসভার আকার অনেক ছোট। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়নি। এ দুই মন্ত্রণালয় নতুন মন্ত্রী বা প্রতিমন্ত্রী পাচ্ছে এটা অনেকটা নিশ্চিত।
১১ জানুয়ারি গঠিত নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। মন্ত্রিসভায় নতুন মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। তবে কোনো উপমন্ত্রী নিয়োগ দেওয়া হয়নি। যদিও আগের মন্ত্রিসভায় তিনজন উপমন্ত্রী ছিলেন।