মধ্যপ্রদেশের ইন্দোরে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত অন্তত ৭
বৈদ্যুতিক গাড়িতে আগুন লেগে সেই আগুনের কবলে গোটা বাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে মৃত্যু হল ৭ জনের। বুধবার (১৮ মার্চ ) ভোরে ভয়াবহ এই ঘটনা ঘটেছে ইন্দোরের ছোট রাজওয়াড়া এলাকার প্রীতিনগরে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত শুরু হয়েছে উদ্ধার কাজ। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বহুতলের বাইরে একটি গাড়ি পার্ক করা ছিল। কোনওভাবে ভোর ৪টায় তাতে আগুন ধরে যায়। এরপর সেই আগুনের কবলে পড়ে বাড়িটি। মুহূর্তের মধ্যে ওই বহুতলে ছড়িয়ে পড়ে আগুন। গভীর রাতে এই দুর্ঘটনা ঘটায় শুরুতে কেউ কিছু টের পায়নি। অগ্নিকান্ডের ঘটনা নজরে পড়ার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। ততক্ষনে আগুন ভয়াবহ আকার নিয়েছে। জানা যায়, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় বেশ কয়েকঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলে শুরু হয় উদ্ধার কাজ। সরকারি সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফে জানা গেছে, বাইরে গাড়ি থেকে আগুনের সূত্রপাত সেটি একটি ইলেকট্রিক গাড়ি। রাতে চার্জ করা হচ্ছিল গাড়িটিতে। কোনওভাবে শর্ট সার্কিট থেকে গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখান থেকে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়ির ভিতরে অন্তত ১০টি গ্যাস সিলিন্ডার ছিল তাতে বিস্ফোরণ ঘটায় আগুন আরও বিধ্বংসী আকার নেয়। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।