মণিপুরে সিআরপিএফের শিবিরে হামলা, গুলির লড়াইয়ে নিহত ১১ জঙ্গি
অশান্ত ভারতের মণিপুর রাজ্য। এবার হামলা হল কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের শিবিরে। সোমবার (১১ নভেম্বর ) দুপুরে জিরিবাম জেলায় ওই হামলাকারী জঙ্গিদের উপর সিআরপিএফ গুলি চালালে ১১ জন নিহত হন। কেন্দ্রীয় বাহিনীর দাবি, নিহতরা সকলেই জঙ্গি বাহিনীর সদস্য। তাঁদের ছোড়া গুলিতে সিআরপিএফের ১ জওয়ান গুরুতর আহত হন। পুলিশের তরফে জানানো হয়েছে, নিহতরা কুকি জঙ্গি গোষ্ঠীর সদস্য। সোমবার (১১ নভেম্বর ) দুপুর ২ টা ৩০ মিনিটে তারা প্রথমে বড়বেকরা মহকুমা সদরের থানায় হামলা চালায়। এরপরে কিছু বাড়িঘর ও দোকানে লুটপাট চালিয়ে জাকুরাডোর করংয়ের রাস্তায় সিআরপিএফের উপর হামলা চালায়। এরপরেই শুরু হয় ২ পক্ষের গুলির লড়াই। সিআরপিএফের গুলিতে ১১ জন কুকি বন্দুকধারী জঙ্গি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ঘটনার পর এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে।