মণিপুরে বোমা বিস্ফোরণে এক শিশু নিহত
ভারতের মণিপুর রাজ্যের ননে জেলায় এক মর্মান্তিক বোমা বিস্ফোরণের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম কালাইন্দাম্পৌ পামেই। একই ঘটনায় তার বাবা থুয়ানকুঙ্গাম পামেই (৪০) গুরুতর আহত হয়েছেন। রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ ) সকাল ৮ টা ৩০ মিনিটেই ননে জেলার খউপুম থানার অন্তগত তাওলিংপুর গ্রামের নামকাওলং দ্বিতীয় খন্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি একটি বোমা সদৃশ বস্তু খুঁজে পেয়ে সেটি তার বাবা কাছে নিয়ে আসে। পরে বাবা সেটি দূরে ছুঁড়ে ফেলার চেষ্টা করলে হঠাৎ পা পিছলে পড়ে যান। সেই সময় বস্তুটি বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরণের সময় শিশুটি কাছেই থাকায় গুরুতরভাবে আহত হয়। এরপর আহত শিশু ও তার বাবাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত বাবা থুয়ানকুঙ্গাম পামেইকে উন্নত চিকিৎসার জন্য ইম্ফলে অবস্থিত রাজ মেডিসিটি হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, বিস্ফোরণে তার দুই পা মারাত্মকভাবে জখম হয়েছে। বিস্ফোরণটি কোথায় থেকে এল তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানানো হয়েছে।