ভুলে যেও নাকো তুমি এলিয়েন নও...
লুৎফর রহমান রিটন
[ উৎসর্গ : প্রিয় শ্রদ্ধেয় নূরুল আমিন খান ]
তোমার দু'হাতে রক্তের দাগ আছে!
তোমার বুটেও রক্তের দাগ আছে!
আমরা সকলে জিম্মি তোমার কাছে....
গুমট হাওয়ারা বহিছে প্রবল ভাবে
কান পাতো যদি তাহলে শুনতে পাবে
কতো অভিশাপ আর কতো আহাজারি
বিলাপের সুরে বাতাস হয়েছে ভারী....
আর্তনাদের কান্নারা ভেসে আসে
রক্তের ছোপ মৃত্তিকা আর ঘাসে!
তোমার কীর্তি ইতিহাসে রয়ে যাবে
কলঙ্ক দাগ ললাটের কিংখাবে!...
পুরো দেশবাসী বিস্ময়ভ্রমে থাকি
হায়েনা কখনো ইউনিফর্ম পরে নাকি!!?
ভুলে যেও নাকো তুমি এলিয়েন নও,
ছেলে-পিতা-ভ্রাতা আমাদেরই কেউ হও...
পিতাকে মেরো না, মেরো না সন্তানেরে
প্রকৃতি তোমাকে দেবে না দেবে না ছেড়ে...
মাতা ভগ্নিরা ঘৃণার অগ্নি জ্বালে
তোমরা পুড়িবে যুগে যুগে মহাকালে...
নত হয়ে গেছে তোমাদের উঁচু শির
মায়ের বিলাপে, অভিশাপে পৃত্থির....
অটোয়া ২০ জুলাই ২০২৫