ভীতু
কানিজ ফাতেমা
রাতের খাওয়া শেষে আমার স্বামী অয়ন বেডরুমের মেঝেতে মাদুর পেতে বসে অফিসের কাজ করতে শুরু করেছে আর আমি বিছানায় শুয়ে আনমনে আমার বেডরুমের সিলিংয়ের বড় ফাটলের দিকে তাকিয়ে রয়েছি। সিলিংয়ের প্লাস্টারসহ ঢালাইয়ের একটা বড় অংশ ফুলে ফেঁপে হা হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও ফাটলটার দিকে এক মনে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই মনে হলো ফাঠল ধরা সিলিংটা ভেঙে পড়ছে আমার মুখ বরাবর। আমি সরতে চেষ্টা করেও বিফল হলাম। আমার দিকে ফাটল ধরা সিলিংটুকু ভেঙে পড়তে দেখছি আমি অথচ আমার কিছু করার ক্ষমতা নেই, শব্দ করে কাউকে ডাকতে পারছি না শুধু চিৎকার করার চেষ্টা করে গোঙানির মতো শব্দ করে চলছি । আমার গলাটা শুকিয়ে আসছে। হয়তো আজই আমার জীবনের শেষ দিন ভেবে। সিমেন্টের প্লাস্টারটা আমার মুখের উপর পড়লো।
গোঙানির শব্দ শুনে অয়ন আমার নাম ধরে ডাকতেই আমি লাফিয়ে বিছানা থেকে উঠে বসলাম। অয়ন অস্থির হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে? ঘুমের মধ্যে এভাবে শব্দ করছিলে কেন? স্বপ্ন দেখেছো?
আমি ছাদের দিকে তাকিয়ে দেখলাম না যেমন ছিল
তেমনি রয়েছে। তার মানে কি আমি স্বপ্ন দেখেছি? তাই হবে।
হুম মনে হলো সিলিংটা ভেঙে পড়ছে।
অয়ন হেসে বলল সারাদিন ভাবছো তাই স্বপ্ন দেখেছো।
আমি অয়নকে বলে উঠলাম এখনই খাটটা সরাতে পারবে?
মাথা খারাপ নাকি কটা বাজে দেখেছো? রাত বারোটা।
আমি জানি না সরাতেই হবে।
ঠিক আছে বাবা সকালে আমরা দুজন মিলে সরাতে পারি কিনা দেখা যাবে। এখন ঘুমাওতো বলে অয়ন তার অফিসের ফাইলগুলো গুছিয়ে রেখে লাইটটা নিভিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে এসে বিছানায় শুয়ে পড়লো।
আমি অনেক সময় ধরে ডিমলাইটের আলোয় ফাটল ধরা সিলিংয়ের দিকো তাকিয়ে রয়েছি। মনে হচ্ছিল কে আমাকে বলছে ওটা ভেঙে পড়বে।
যাই হোক রাতে কথা না শুনলেও সকালে বাধ্য হয়েই অফিসে যাওয়ার আগে অয়ন আব্বার সাথে আমি মিলে খাটটা ঘুরিয়ে উত্তর দিকে মাথা দেওয়ার ব্যবস্থা করেছিলাম।
তারপর গভীর রাতে হঠাৎই প্রচন্ড আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল আমাদের। অয়ন কি কি বলে লাফিয়ে ঘুম থেকে উঠে বসলো। লোডশেডিং হয়েছে মনে হচ্ছে, মধ্যরাতে ঘুটঘুটে অন্ধকারের জন্য ঘরের মধ্যে ভালো করে কিছুই বোঝা যাচ্ছে না। অয়ন আমাকে ঝাঁকুনি দিয়ে ডাকাতেই বললাম কি হলো?
কিসের শব্দ?
কিছু না, এখন ঘুমাওতো সকালে দেখবো। আমি ঘুম চোখে উত্তর দিলে অয়ন বিরক্ত হয়ে বলে উঠলো -
মানে কি? উঠো।
মানে কিছু না অয়ন। এখন ঘুমাও বলে আবার ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই ঘরের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ সাথে দরজার ওপাশ থেকে অয়ন অয়ন বলে ডাকতে শুনে আমি উঠে বসলাম।
তারপর বালিশের পাশে থেকে মোবাইলটা হাতে নিয়ে লাইটটা জ্বালিয়ে ধরতেই অয়ন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে মেঝেতে আলো ফেললো।
মেঝেতে আলো ফেলতেই চোখে পড়লো ফাটল ধরা সিলিংটুকু সত্যি ভেঙে পড়েছে। সিমেন্টের বড় বড় টুকরো সারা ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
অয়ন সেগুলো ভালো করে দেখতে লাগলো আর আমি বিছানা থেকে নেমে দরজাটা খুলে দিতেই আব্বা মা অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি চার্জার লাইট হাতে অস্থির হয়ে ঘরে ঢুকে জিজ্ঞেস করলো এতো জোরে কিসের শব্দ শোনা গেল? কি হয়েছে?
শাশুড়ির হাতের চার্জারের আলোতে ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিমেন্টের টুকরাগুলো এবার স্পষ্ট দেখা যাচ্ছে। শাশুড়ি অবাক হয়ে তাকিয়ে বললো সিলিংটা ভেঙে পড়েছে?
জি মা আমি স্বাভাবিক ভাবে বললাম ঠিকই কিন্তু মা অস্থিরতা নিয়ে বললেন এগুলোতো তোমাদের মাথার উপর পড়তো! কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ।
অয়ন একটু ভয় পেয়েছে ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে, তবে আমার তেমন কিছু মনে হচ্ছে না।খুব স্বাভাবিক ভাবে আব্বা মাকে বললাম মা আপনারা এখন ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। এখনো অনেক রাত বাকি বলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তিনটা বাজে।
মা চার্জারটা আমাদের ঘরে রেখে দিয়ে আব্বার সাথে কথা বলতে বলতে নিজেদের ঘরে চলে গেলেন। অয়ন বিছানায় পায়ের দিকে পড়ে থাকা সিমেন্টের টুকরোগুলো সরাচ্ছে আর বার বার ছাদের দিকে তাকাচ্ছে।
আমি হেসে বললাম এখনো ভয় পাচ্ছো? আর ভেঙে পড়বে না বাবা।
তুমি ভয় পাওয়নি?
না আমার এত অল্পতে ভয় করে না অয়ন।
এই সরকারি কোয়ার্টারটাতে আমরা গত এক বছর ধরে আছি। অয়নের সাথে সংসার জীবনের শুরুতে এই বাসায় উঠার সময়ই পুরো বাসার ছাদের খোসে থাকা প্লাস্টার দেখে মনটাই খারাপ হয়ে গিয়েছিল। আর আমাদের শোবার ঘরের পশ্চিম পাশের ছাদের ফাটলটা একটু বেশিই বড় ছিল। দুই দুইবার অয়ন কন্ট্রাকটরকে ডেকেও এনেছিল সারাবার জন্য কিন্তু কেন জানি কন্ট্রাকটার সারাতে দেরি করছে। বিগত ছয় মাস ধরে পশ্চিম দিকে মাথা দিয়েই ঘুমিয়েছি আমরা আর সরকারি বাসার নড়বড়ে দরজা আর ছাদে কত জায়গায় ফাটল রয়েছে তা গুনে মজা করেছি।
কিন্ত হঠাৎই কদিন কেমন যেন একটু অজানা ভয়ের অনুভূতি কাজ করছিল মনের মধ্যে। তাই গতকাল অয়ন অফিস থেকে ফিরলে বললাম চলো না আমাদের খাটটা অন্যদিকে ঘুরিয়ে দিই?
অয়নের উত্তর কেন?
এমনিই।
এখন আমি খুব ক্লান্ত,খাট সরাতে পারবো না।
আমি জিদ করে বললাম, না আজই সরাতে হবে।
অয়ন বিরক্ত হয়ে বলল কাল অফিস থেকে দুজন পিয়ন পাঠিয়ে দিব সরিয়ে নিও।
আমার মন মানলো না। তবুও কিছু করার নাই কাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
রাতে স্বপ্ন দেখে মনটা আরও অস্থির হয়ে উঠলো। তারপর সকালে খাট ঘুরিয়ে তবেই শান্ত হয়ে বসেছিলাম।
এখন ভেঙে পড়া সিলিংয়ের টুকরাগুলো এক পাশে সরাতে গিয়ে অয়ন বলল ভাগ্যিস তুমি সকালে খাটটা সরাতে বলেছিলে। তোমারতো অনেক সাহস এতো জোরে শব্দ শুনেও চুপ করে আছো।
হুম হয়েছে এখন এসো ঘুমাও তো, সকালে অফিস আছে তোমার, বলে কাত ফিরে শুয়ে চোখ বন্ধ করলাম ঠিকই কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা ভয়ের অনুভূতি চাপ ধরে রইলো।
সত্যি তো আজও যদি প্রতিদিনের মত খাটটা ওই দিকটাতেই থাকতো আর আমরা ওখানে ঘুমিয়ে থাকতাম তাহলে কি হতো? আল্লাহ তায়ালা কি আমাকে সাবধান করছিলেন? মনের অস্থিরতার পেছনে কি অজানা বিপদের আশংকা থাকে? হঠাৎ খেয়াল করলাম অদ্ভুতভাবে গত কদিন আমার মনে যে অস্থিরতা কাজ করছিল আজ তেমন করছে না। তবে কি বিপদ কেটে গেল?
তারপর অনেকগুলো বছর পার হয়ে গেল। আমাদের গল্প কথা জন্মের সাথে অয়ন আর আমি তখন বাবা মা--হয়ে যেন নতুন জীবন পেয়েছি। কিন্তু গল্প কথার জন্মের পর থেকে একটা ব্যাপার ঘটলো আমার জীবনে। আমি ভয় পেতে শুরু করলাম। সব সময় সবকিছুতে সাবধানতা মেনে চলি। ধীরে ধীরে আমি ভীতুদের দলে নিজের নাম লিখিয়ে দিলাম। সবাই আমাকে নিয়ে ভীতু বলে উপহাস করে অার আমি হাসি মুখে মেনে নেই। সত্যি তো আমি সব কিছুতেই ভীষণ ভয়- পায় হারাবার ভয়। নিজেকে দেখে অবাক হই এতটা ভয় আমার মধ্যে কোথা থেকে জন্ম নিল।
এরপর আরও বছর কতক পেরিয়ে হঠাৎ করেই এই পৃথিবীতে মহামারী নামক বিভীষিকা শুরু হলো। আর সেই বিভীষিকার থাবা আমাকে অয়নকে সহ গল্প কথাকেউ বন্দী করে ফেললো। আমার সমস্ত অস্তিত্ব ভয়ে কেঁপে উঠলো। আমাকে ভাবতে বাধ্য করলো কবে থেকে আমি সবকিছু নিয়ে এতোটা ভাবতে শুরু করেছি যে ভয়ের দেয়াল আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। আবার সেই অদৃশ্য অনুভূতি আমাকে উত্তর দিয়ে গেল - আমি নই আমার ভিতরের মা আর স্ত্রী নামক যে দুটি সত্তা রয়েছে তারা ভীষণ ভীতু।