ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মিরপুর বন্ধুসভা
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!’ চিরস্মরণীয় এই গানের সুর বুকে ধারণ করে প্রতিবছরই ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বাঙালি জাতি শ্রদ্ধা জানায়। সেই আবেগ ও ভালোবাসা নিয়েই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিরপুরের বিইউবিটি প্রাঙ্গণে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করে রাজধানীর মিরপুর বন্ধুসভা।
২১ শে ফেব্রুয়ারির দিন সকাল বেলা খালি পায়ে হেঁটেই মিরপুর বন্ধুসভার বন্ধুরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর এক মিনিট নীরবতা পালন করেন বন্ধুরা। তারপর বন্ধুরা সকলে গোল করে বসে মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
উপদেষ্টা অপূর্ব বড়ুয়া বলেন, আমাদের নতুন প্রজন্মের ওপরই মূল দায়িত্ব বাংলাকে বিশ্বের অন্যতম শক্তিশালী ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা। আমরা এখন আধুনিক যুগে বাস করি, যেখানে ভাষার গুরুত্ব আরও বেড়েছে। কিন্তু দুঃখজনক আমাদের তরুণসমাজের অনেকে বাংলার বিশুদ্ধ চর্চা ভুলে যাচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে বাংলার বিকৃত ব্যবহারের চর্চা দিন দিন বাড়ছে। এটি ভাষার জন্য একটি বড় হুমকি। যদি আমরা আজ থেকেই নিজেদের মধ্যে শুদ্ধ বাংলার চর্চা না করি, তাহলে ভবিষ্যতে আমাদের ভাষা নিয়ে গর্ব করার সুযোগ না–ও থাকতে পারে।
বন্ধু তানিয়া হক বলেন, শুধু একুশে ফেব্রুয়ারি এলেই আমরা বাংলা নিয়ে ভাবতে শুরু করি, কিন্তু ভাষার প্রতি ভালোবাসা সারা বছর ধরে বহমান থাকা উচিত। দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান বলেন, আমাদের দৈনন্দিন ব্যবহারে, কর্মক্ষেত্রে ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া উচিত।
বাংলা ভাষার উন্নয়ন ও সঠিক চর্চার জন্য নানা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সাধারণ সম্পাদক স্বদেশ বিশ্বাস বলেন, বাংলা ভাষার গৌরব রক্ষায় আমরা নিয়মিত নানা উদ্যোগ গ্রহণ করবো, যাতে বাংলা কেবল এক দিনের আনুষ্ঠানিকতার বিষয় না হয়ে বরং প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। আমাদের উচিত একুশে ফেব্রুয়ারিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলা ভাষাকে প্রতিদিনের জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করা।