ভারী বৃষ্টির জেরে ধস মুম্বইয়ের কাছে ঘাটকোপারে, ৫ জনের মৃত্যু
ভারী বৃষ্টির জেরে ধস। মুম্বইয়ের কাছে ঘাটকোপারে ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হল ৫ জনের। বুধবার (১২ আগস্ট ) ভোরের এই ঘটনায় এখনও ভিতরে চাপা পড়ে রয়েছেন আরও বেশ কয়েকজন। ভোর থেকেই উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ, দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বৃহন্মুম্বই পুর নিগমের তরফে জানানো হয়েছে, ভোর ৩টা ৪৫ মিনিটে মুম্বইয়ের অশোক রোড এলাকায় উচুঁ পাহাড়ি এলাকার একাংশে ধস নামে। পাথর এবং কাদামাটির স্রোতে ভেঙে যায় অন্তত ৭টি অস্থায়ী বাড়ি। সেই সময় প্রায় সকলেই ঘুমিয়ে থাকায় কেউই বাইরে বেরোতে পারেননি। পুর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে মনে করেছিলেন, ধ্বংসস্তূপের নীচে ৩-৪ জন চাপা পড়েছেন। কিন্তু স্থানীয় সূত্রে জানা গেছে, ভিতরে আটকে পড়েছেন প্রায় ১০ জন। প্রথমে এলাকার মানুষজনই উদ্ধার কাজ শুরু করেন্। ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন। আরও ৪জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর, উদ্ধার কাজ চলছে, বৃষ্টির কারণে উদ্ধার কাজ বার বার ব্যাহত হচ্ছে।