ভারত - বাংলাদেশের সুসম্পর্কের বার্তা, তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ মোদির
দীর্ঘ ১৭ মাসের অস্থিরতা শেষে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে স্থায়ী সরকার। সেই সরকারের শপথের দিনই বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির " দূত " ওম বিড়লা। শপথের পরই তারেক লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে একান্ত বৈঠক করেছেন। সেই বৈঠকেই মোদির পাঠানো চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বিড়লা। সূত্রে খবর, চিঠিতে বাংলাদেশের নয়া রাষ্ট্রপ্রধানকে দিল্লিতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারেকের শপথে অতিথি হিসেবে ছিলেন স্পিকার বিড়লা। পরে সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতের ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে স্পিকার বলেন, " বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে গঠনমূলক বৈঠক করেছি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে একটি ব্যক্তিগত চিঠি তাঁর হাতে তুলে দিয়েছি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তাঁকে শুভকামনা জানিয়েছেন এবং সময়মতো দ্রুত ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। " একই সঙ্গে স্পিকার বিড়লা জানিয়েছেন, " ভারতের জনগণের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারের আরও গভীর করার প্রতিশ্রুতি পূর্ণব্যক্ত করেছি।