ভারতে কাজ খুঁজতে এসে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক
ভারতে কাজের সন্ধানে এসে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ৭ বাংলাদেশি নাগরিক গ্রেফতার। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিএসএফের হাতে গ্রেফতার ১ বাংলাদেশি নাগরিক। শুক্রবার (৮ নভেম্বর ) সকালে ওই বাংলাদেশিকে রঘুনাথগঞ্জ থানার হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ সূত্রে প্রকাশ, ধৃত বাংলাদেশি নাগরিকের নাম হাবিব আলি। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অপরদিকে, প্রায় প্রত্যেকদিন ত্রিপুরার বিভিন্ন জায়গায় আটক হচ্ছেন বাংলাদেশিরা। বৃহস্পতিবার ( ৭ নভেম্বর ) সন্ধ্যায় জিরানিয়া রেলস্টেশন থেকে ৬ বাংলাদেশিকে আটক করা হয়। অভিযোগ, তাঁরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে ভারতে আসেন। ইতিমধ্যেই ধৃতদের আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। আটককৃতরা হলেন, ইকলাস মিঞা, রুবায়েত হুসাইন, জাকিরা, জাকাডিয়া, তানভীর আহমেদ, মহম্মদ মুমিনুল হক। জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, ৬ বাংলাদেশির বিরুদ্ধে জিআরপি থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর ) তাদের আদালতে পেশ করা হয়েছে। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।