ভারতের হরিয়ানায় এসি বিস্ফোরণ, ঝলসে বাবা - মা, মেয়ের মৃত্যু
গভীর রাতে এসি বিস্ফোরণ। ঘরেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল বাবা - মা, মেয়ের। রবিবার (৭ সেপ্টেম্বর )রাতে ভারতের হরিয়ানার ফরিদাবাদে ঘটনাটি ঘটেছে। পরিবারের পোষ্য কুকুরটি ও মৃত্যু হয়েছে আগুনে। তবে শেষ মুহূর্তে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে কোনও মতে রক্ষা পেয়েছেন দম্পতির তরুণ পুত্র। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, রবিবার (৭ সেপ্টেম্বর ) গভীর রাতে ফরিদাবাদের গ্রিন ফিল্ড কলোনি এলাকার একটি বাড়ির এসিতে বিস্ফোরণ হয়। এলাকার বাসিন্দারা জানান, রাত ৩ টায় ৪ তলা ওই আবাসনের দোতলার ফ্ল্যাট থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। ফ্ল্যাটিতে ৪ সদস্যের এক পরিবার ভাড়া থাকত। সে সময় ঘুমিয়ে ছিলেন পরিবারের সকলেই। তখনই আচমকা বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন লেগে যায় ঘরে। শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা - মা- মেয়ের। আগুনে ঝলসে যায় তাঁদের দেহ। জানা যায়, নিহতদের নাম, শচীন কাপুর (৪৯), তাঁর স্ত্রী রিংকু কাপুর (৪৮) এবং তাঁদের মেয়ে সুজ্জয়নী (১৩)। দম্পতির ছেলে আরিয়ান কাপুর (২৫) কোনও মতে বারান্দা থেকে লাপিয়ে পড়ে রক্ষা পেয়েছেন। তবে তাঁর পা ভেঙেছে। বতমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এসির কম্প্রেসর থেকে বিস্ফোরণ ঘটে। তা থেকেই বিপত্তি। আগুন লাগার পর পরিবারটি ছাদে পালানোর চেষ্টা করেছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু দরজা বন্ধ থাকায় কেউই বেরোতে পারেননি। শেষমেষ শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় সকলের।