ভারতের গুজরাটে রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক, মৃত অন্তত ৪
ভারতের গুজরাটে একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করার জেরে মৃত্যু হল অন্তত ৪ জন শ্রমিকের। কিভাবে গ্যাস লিক করল, তা এখনও জানা যায়নি। ঘটনাটি ঘটেছে গুজরাটের বাহরুচ জেলার দাহেজে। পুলিশ সূত্রে প্রকাশ, গুজরাট ফ্লরোকেমিক্যালস লিমিটেড নামে একটি রাসায়নিক কারখানাতে। শনিবার (২৮ ডিসেম্বর ) রাত ১০ টায় আচমকাই কারখানার একতলার একটি পাইপ থেকে গ্যাস লিক করতে শুরু করে। সেই সময় কারখানায় উপস্থিত ছিলেন ৪ জন কর্মী। বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস নিতে নিতে অসুস্থ হয়ে পড়েন সকলেই। শনিবার (২৮ ডিসেম্বর ) রাতে কারখানার মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন ওই ৪ জন। খবর পেয়ে মাঝরাতেই ওই কারখানায় গিয়ে উদ্ধার কাজ শুরু হয়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। রবিবার (২৯ ডিসেম্বর ) ভোররাতে সেখানেই মৃত্যু হয় ৩ জনের। সকাল ৬ টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৪র্থ শ্রমিক। দাহেজ থানার ইনস্পেক্টর বিএম পার্টিদার জানান, আপাতত ৪ জনের ময়নাতদন্ত হচ্ছে। কি ভাবে গ্যাস লিক করল, সেটা জানতেও চলছে তদন্ত।