ভাঙ্গুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা ও পৌর শাখার কমিটি অনুমোদন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত মানব কল্যাণমূলক সংগঠন "হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি"-এর পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা শাখা এবং ভাঙ্গুড়া পৌর শাখার ২০২৬-২০২৭ মেয়াদের ৩১ সদস্য বিশিষ্ট দুটি পৃথক কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনটির পাবনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ যৌথ স্বাক্ষরে এই দুই শাখার নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।
অনুমোদিত ভাঙ্গুড়া উপজেলা কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আখিরুজ্জামান মাসুম। কমিটিতে নির্বাহী সভাপতি মো. আব্দুল জব্বার, সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউর রহমান (জিয়া) এবং সহ-সভাপতি পদে আরও তিনজন মনোনীত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. মেহেদী হাসান পান্নাকে। অন্যান্য সম্পাদকীয় পদ ও কার্যকারী সদস্য মিলিয়ে সর্বমোট ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
অপরদিকে, ভাঙ্গুড়া পৌর শাখায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম সাগর। এই কমিটিতে নির্বাহী সভাপতি মো. আব্দুল করিম, সিনিয়র সহ-সভাপতি মো. আখেরুজ্জামান মিঠুসহ আরও তিনজন সহ-সভাপতি এবং অন্যান্য সম্পাদক ও কার্যকারী সদস্যসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন পায়।
নবাগত কমিটির নেতৃবৃন্দ মানবাধিকার সুরক্ষা, সামাজিক অধিকার আদায় এবং এলাকার সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে সর্বদা সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত এ দুটি কমিটি ভাঙ্গুড়ায় মানবসেবা ও সামাজিক মূল্যবোধ রক্ষায় বলিষ্ঠ অবদান রাখবে।