ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, আটক ৮
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১৫ ও ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তদন্তে পাওয়া এক পলাতক আসামি ও মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের জন্য ছয়জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল (২৮) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা আড়াই বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।
গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে দুটি জিআর সাজা পরোয়ানা। ২০১৭ সালের ডাকাতির একটি মামলায় তার বিরুদ্ধে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড রয়েছে। অন্য একটি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ রয়েছে।
এদিকে, মঙ্গলবার এসআই সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে পুলিশের আরেকটি দল সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি মো. জহির মিয়া (৪০)কে গ্রেপ্তার করে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের শিদলাই আলম বাড়ির বাসিন্দা।
অন্যদিকে, এসআই মো. শামীম হোসেন, এএসআই নাছির উদ্দিন ও এএসআই মো. ইমরান হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামীদের মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।