বৈদ্যুতিক সর্টসার্কিটে শিশুর মৃত্যু
নাটোরের লালপুরে বৈদ্যুতিক সর্টসার্কিটে মো. আবির হোসেন (১১) নামে মাদ্রাসায় পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে উপজেলার আড়বাব ইউনিয়নের মোরদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের আক্তারুল ইসলামের ছেলে।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে বোয়ালিয়াপাড়া কাছিমুল উম্মুল মাদ্রাসায় মাইক ব্যবহারের সময় শিশু মো. আবির হোসেন বৈদ্যুতিক সর্টসার্কিটে (ইলেকট্রিক শর্টে) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিটে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু ঘটেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।