- - -

বীর মুক্তিযোদ্ধা সাদেক গুর্খা রেজিমেন্টের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জয়ে যুদ্ধ করেন

Print News

বীর মুক্তিযোদ্ধা সাদেক গুর্খা রেজিমেন্টের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জয়ে যুদ্ধ করেন

নাসিরুদ্দিন চৌধুরী

ষাটের দশকের ছাত্রনেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মোহাম্মদ সাদেক (আ.জ.ম. সাদেক) পটিয়া পৌরসভার আল্লাই গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জামাল উদ্দীন ছিলেন কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র, নেতাজী সুভাষ বসুর অনুসারী এবং জেঠা মরহুম আহমদুর রহমান আলীগড়ের গ্র্যাজুয়েট, তৎকালীন ইউনিয়ন প্রেসিডেন্ট ও রাহাত আলী হাই স্কুলের প্রতিষ্ঠাতা সহকারি প্রধান শিক্ষক। তিনি ছিলেন সোহরাওয়ার্দীপন্থী মুসলিম লিগার। সাদেকের নানা মরহুম হাফেজ জকিউদ্দীন ও খালু মরহুম মৌলানা নুরুল হক দু’জনই ছিলেন ভারতের দেওবন্দ মাদ্রাসার ছাত্র এবং মরহুম মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর অনুসারী। পারিবারিকভাবে রাজনীতি তাঁর রক্তের সাথে মিশে ছিলো। পটিয়ার রয়েছে বিদ্রোহ ও বিপ্লবের বীরত্বপূর্ণ ইতিহাস। সাদেক এবং তাঁর সমসাময়িক ছাত্রবন্ধুরা নিজেদেরকে সূর্য সেন, প্রীতিলতা, মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ব্রিটিশ বিরোধী বিদ্রোহ, বিপ্লব আন্দোলনের উত্তরসূরী মনে করতেন। তাদের ইতিহাস পড়ে সাদেকের রক্ত উত্তপ্ত হয়ে উঠত। স্কুলে পড়া অবস্থায় বাঙালিদের উপর পাকিস্তানীদের অত্যাচার, বঞ্চনার প্রতিবাদী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের ঘোষণাপত্র পড়ে ও নেতাদের বক্তৃতা বিবৃতি শুনে তিনি উত্তেজিত হয়ে পড়তেন। ১৯৬৭ খ্রিস্টাব্দে এম.ই.এস স্কুলের ১০ম শ্রেণির ছাত্র থাকাকালে তিনি নেতাদের বক্তৃতা শোনার জন্য লালদীঘি ময়দান, মুসলিম হল ও জে.এম. সেন হলে যেতেন। এম.এ. আজিজ, জহুর আহমদ চৌধুরী, মতিয়া চৌধুরী, এঁদের বক্তৃতা শুনতেন। আবদুল্লাহ আল নোমান, আবু ছালেহ, মোখতার আহমদ, এস.এম ইউসুফ প্রমুখ ছাত্রনেতাদের বক্তৃতা শুনতেন। ১৯৬৭ খ্রিস্টাব্দের প্রথম দিকে তিনি ছাত্র ইউনিয়ন নেতা আবদুল্লাহ আল নোমানের সংস্পর্শে আসেন এবং তাঁর নির্দেশে একটি চার কোণা ২ আনা দিয়ে ছাত্র ইউনিয়নের সদস্য হন। ১৯৬৭ খ্রিস্টাব্দের ৬ জুন চট্টগ্রামে মিছিল হরতাল চলছিল আওয়ামী লীগের ৬ দফার সমর্থনে। সাদেক ৬ দফার উপর একটি পুস্তিকা সংগ্রহ করেন। ’৬৬-তে ৭ জুন ৬ দফার আন্দোলনে ঢাকার শিল্পাঞ্চলে মনু মিঞা ও আনোয়ারা বেগম পুলিশের গুলিতে নিহত হওয়ার খবর শোনেন। তাঁর জামালখানের বাসার অদূরে মোমিন রোডে বি এ আজাদ ইসলামাবাদীর বাসায় আসতেন অ্যাভোকেট আবুল কালাম আজাদ, রাঙ্গুনিয়ার নজরুলের বাসায় আসতেন এস.এম. ইউসুফ। তাঁদের দু’জনের সাথে তাঁর রাজনৈতিক যোগাযোগ গড়ে উঠে। ৬৭ খ্রিস্টাব্দের শেষের দিকে আবুল কালাম আজাদ তাঁকে নিয়ে আওয়ামী লীগ নেতা আজিজ মিঞার দেওয়ানজী পুকুর পাড়ের বাসায় যান। এম.এ. আজিজের মতো এত বড় মাপের একজন নেতা তাঁর লেখাপড়ার খবর নিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। এরপর থেকে তিনি ছাত্রলীগের কর্মী হয়ে যান। ১৯৬৮ খ্রিস্টাব্দে তিনি এমইএস স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন এবং বাঙালিদের পাকিস্তানি বানানোর বই (দেশ ও কৃষ্টি), বিরোধী ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন। একই বৎসর তিনি জামালখান আঞ্চলিক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং পরের বছর ৬৯-৭০ প্যানেলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাবু সুযশময় চৌধুরী ৬৮ ও ৭০ উভয় প্যানেলে সভাপতি ছিলেন। সাদেক প্রায় সময় ১২০ আন্দরকিল্লা আওয়ামী লীগ অফিসের ভিতরে একটি ছোট্ট কামড়ায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাবের আহমদ আজগরী ও সভাপতি আবু মোহাম্মদ হাশেমের সাথে দেখা করতে যেতেন। সেখান থেকে বিভিন্ন কর্মসূচি যেমন মাইক নিয়ে জনসভার প্রচার, পোস্টার লাগানো, লিফলেট বিলি করা, কর্মী নিয়ে জনসভায় ও পথসভায় অংশ নিতেন। জেলা ছাত্রলীগের অফিসে বিভিন্ন সভায় ৬ দফার পাশাপাশি স্বাধিকার, স্বাধীনতা ও বাঙালি জাতীয়তাবাদের কথা শুনতেন। জামালখান ছাত্রলীগের সভাপতি সুযষময় চৌধুরী ও তিনি ধীরে ধীরে শহরের বিভিন্ন ওয়ার্ড ও আঞ্চলিক ছাত্রলীগের সাথে জড়িয়ে পড়েন। তারা অন্য ওয়ার্ডের পথসভা, জনসভাগুলিতে অংশ নিতেন এবং তাদের জামাল খানের বিভিন্ন সভাগুলিতে অন্য ওয়ার্ড থেকে ডা. মাহফুজুর রহমান, আ ই ম জাকারিয়া চৌধুরী, তোহা গাজী, তাজুল ইসলাম, গোলাম সরওয়ার মজনু, মো: শফি বাঙালি, সিরাজ, মোস্তফা ও শরীফ প্রমুখ আসতেন। তারা ৬ দফা ও ১১ দফা প্রচারের পাশাপাশি আগরতলা ষড়যন্ত্রের মাধ্যমে বাঙালিদের নেতৃত্বশূন্য করার পাকিস্তানি ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঙালিদের রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাতেন। তারা জামাল খান ছাত্রলীগের কর্মীদের মধ্যে অধিকাংশই রব-সিরাজ পন্থী এবং চট্টগ্রামের এম.এ. আজিজ পন্থী ছিলেন। তাদের মিছিল ও শ্লোগানে, পোস্টার লিফলেটে ‘আমার তোমার ঠিকানা-পদ্মা মেঘনা যমুনা’, ‘ঢাকা না পিন্ডি-ঢাকা ঢাকা’, ‘বীর বাঙালি অস্ত্র ধর-বাংলাদেশ স্বাধীন কর’ ইত্যকার শ্লোগান ও বক্তব্য প্রাধান্য পেত। এম এ আজিজের অনুসারীদের মধ্যে একটি ঐকমত্য ও বিশ্বাস ছিল যে, পাকিস্তানী রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালি জাতির মুক্তি আসতে পারে না। ৭০ এর নির্বাচনের প্রাক্কালে ১৮ জুলাই সামরিক শাসনের বিরুদ্ধে বক্তব্য দেওয়াতে এম.এ. আজিজকে সামরিক সরকার গ্রেফতার করে। এর প্রতিবাদে জেলা আওয়ামী লীগ জে.এম.সেন হলে প্রতিবাদ সভা ডাকে। জে.এম.সেন হলের সভার আগের রাতে তাঁরা স্বাধীনতাপন্থীরা গোপনে বৈঠক করেন এবং হরতাল ডাকার জন্য আওয়ামী লীগ নেতাদের বাধ্য করার সিদ্ধান্ত নেন। সভাস্থলে তারা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে অবস্থান নেন এবং সভা শুরুর সাথে সাথে শ্লোগান দেন ‘আজিজ ছাড়া নির্বাচন বর্জন বর্জন’, ‘আগামীকাল আগামীকাল হরতাল হরতাল’। সভায় কর্মীদের বিশেষ করে জামালখান ও আগ্রাবাদ ওয়ার্ডের কর্মীদের চাপে হরতালের পক্ষে সিদ্ধান্ত হয়। এখানে ভূমিকা রাখেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মোখতার আহমদ, ডা. মাহফুজ, শাহ-ই জাহান চৌধুরী, জাকারিয়া চৌধুরী, তোহা গাজী, আ জ ম সাদেক, সুযষময় চৌধুরী, তাজু ও রাজু। পরদিন হরতালে পুলিশের লাঠির আঘাতে সাদেক মারাত্মকভাবে আহত হন। আগ্রাবাদ থেকে গ্রেফতার হন তোহা গাজী ও জাকারিয়া। তারপরও ২৭ জুলাই আজিজ দিবস সফলভাবে পালিত হয়। পরবর্তীকালে প্যারেড মাঠে নির্বাচনী সভায় বঙ্গবন্ধুর সামনে তারা আজিজ মুক্তির শ্লোগান এবং ‘বীর বাঙালি অস্ত্র ধর-বাংলাদেশ স্বাধীন কর’, ‘মুজিব তুমি এগিয়ে যাও-আমরা আছি তোমার সাথে’, ‘স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ কায়েম কর কায়েম কর’ ইত্যাদি শ্লোগান দেন। তাদের মাথায় ছিল জয়বাংলা বাহিনীর লাল সবুজের টুপি। ১৫ আগষ্ট এম.এ. আজিজ মুক্ত হন। ৭০এর নির্বাচনের পর ১৯৭১ খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি লালদীঘিতে নির্বাচন-উত্তর জনসভায় এম.এ. আজিজ বলেন আমি বাতাসে বারুদের গন্ধ পাচ্ছি। সোজা আঙ্গুলে ঘি উঠবেনা। আর ৬ দফা নয়, এখন ১ দফার আন্দোলন চলবে। তিনি আরো বলেন ‘জনগণ ভোটের মাধ্যমে পাকিস্তানকে দু’ভাগ করে দিয়েছে। ৬ দফা ও ১১ দফার আন্দোলনের ফলস্বরূপ ৭০এর নির্বাচনের মাধ্যমে জাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করার পরও বাঙালিদের হাতে অতীতের মতো রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানিদের গড়িমসি, জাতীয় পরিষদের অধিবেশন ডেকেও পয়লা মার্চ ইয়াহিয়ার এক ঘোষণায় অধিবেশন বাতিল তারই প্রমাণ মিলে। ৭০এর নির্বাচনে নিউক্লিয়াসপন্থীরা ১দফা তথা স্বাধীনতা ও সশস্ত্র সংগ্রামের পক্ষে নির্বাচনী প্রচারণার পাশাপাশি জনমত গঠন করতে বেশ তৎপর ছিলেন এবং তখন থেকে যুদ্ধের জন্য জোরে শোরে কর্মী সংগ্রহের কাজ চলছিল। আওয়ামী লীগের জয়লাভ, জাতীয় পরিষদের অধিবেশন বাতিল, অসহযোগ আন্দোলন, বাঙালিদের উপর গুলি, সোহরাওয়ার্দী উদ্যানে ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে’। ১২-১৪ মার্চ আন্দরকিল্লাহ বন্দুকের দোকান থেকে অস্ত্র সংগ্রহের কাজে নিউক্লিয়াসপন্থীরা জড়িত ছিলেন। ২৩ ও ২৪ মার্চ সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসে বন্দর ও স্টীল মিল শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করে সাদেক ও সুযশময় চৌধুরী জামালখানের কর্মীদের নিয়ে প্রতিরোধ আন্দোলনে শরিক হন এবং অস্ত্র খালাস প্রতিরোধে বারিক বিল্ডিং মোড়ে কার্যকর ভূমিকা রাখেন। সবই মুক্তিযুদ্ধের জন্য বাঙালিদের তৈরি করার প্রস্তুতি নিতে থাকেন। ২৫ মার্চ কাল রাত্রিতে বাঙালিদের উপর পাকিস্তানিদের হত্যাযজ্ঞ বাঙালির স্বাধীনতা আন্দোলনকে বেগবান করে এবং সমগ্র জাতি দল-মত নির্বিশেষে বাঙালির মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। উপর্যুক্ত ঘটনা প্রবাহে নিউক্লিয়াসপন্থীদের বক্তব্যের গভীরতা ও পাকিস্তানি কর্মকান্ড বাঙালির জন্য একটি জাতিয় রাষ্ট্রের সঠিকতা পুনঃপ্রমাণিত হয় যা ১ দফার সংগ্রাম নামে পরিচিত।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে যারা স্বাধীনতাপন্থী ও নিউক্লিয়াসের সদস্য ছিলেন তারা মুক্তি সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য যার যার অবস্থান ও ক্ষেত্র থেকে ঝাঁপিয়ে পড়েন। এর সূত্র ধরে সাদেক স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র পর্যায়ে অংশ নেন। যারা স্বাধীনতাপন্থী ছিলেন তাদের মার্চ মাস থেকে আমবাগান, মেডিক্যাল ও কদম মোবারকের রাজাপুকুর পাড়ে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হতো। পরবর্তীকালে কদমমোবারক এতিমখানা কেন্দ্রীক মুক্তিযুদ্ধের একটি কেন্দ্র গড়ে উঠে। যেখানে ইসমাইল, ফরিদ, মনছুর আহমদ শফি, শফি খান, জাকারিয়া, আবদুল আজিজ, মোহাম্মদ আলী, কামালসহ অন্যান্যরা মুক্তিযুদ্ধের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করতো, পাকিস্তানি ও রাজাকারদের উপর রেকি করতো। সেখানে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়া হতো, অস্ত্র রাখা হতো। সেখানকার রেকি করা ম্যাপ ও অন্যান্য তথ্য নিয়ে ডা. মাহফুজ গ্রুপ জামালখানের তিনটি ট্রান্সফরমার এক্সপ্লোসিভ দিয়ে উড়িয়ে দেন। এখানে আ.ই.ম. জাকারিয়া, গোলাপুর রহমান, ইঞ্জিনিয়ার হারুন, তোহা গাজীসহ অনেকেই ভারত থেকে গ্রুপ নিয়ে এসে কদম মোবারকে নিরাপদ স্থানে অবস্থান করে মুক্তিযুদ্ধের বিভিন্ন কাজে চলে যেতেন। সাদেক জুন পর্যন্ত শহরের মুক্তিযুদ্ধে ডা. মাহফুজের নেতৃত্বে অংশগ্রহণ করেন এবং আগষ্টে উচ্চতর প্রশিক্ষণের জন্য এস.এম ইউসুফ ও সাবের আহমদ আজগরীর চিঠি পেয়ে ভারতের হরিণা ক্যাম্পে গমন করেন। হরিণা ক্যাম্পে ২দিন অবস্থানের পর সাদেক, হাছান, কাজী তৈয়ব, মহিউদ্দীন, ফেরদৌস, সেলিম, মান্নান, দীক্ষিতরঞ্জন, কাসেমসহ ১১ জনের একটি গ্রুপ আগরতলা কলেজ টিলায় যান। কলেজ টিলায় খাওয়া দাওয়া ও থাকার আরামপ্রদ ব্যবস্থা থাকলেও তারা ট্রেনিং নেওয়ার জন্য উদগ্রীব ছিলেন।
অবশেষে সেপ্টেম্বরের ১৮ কিংবা ১৯ তারিখ তাদের কাপড় চোপড় ট্রাকে করে আগরতলা বিমান বন্দর নিয়ে যাওয়া হয়। আগরতলা কলেজ টিলা থেকে দুপুর ১২টায় ভারতীয় আর্মির বিশাল কার্গো বিমান এসে থামল। একে একে বিমান থেকে নামলেন এস.এম ইউসুফ, স্বপন চৌধুরী, গোলাম রব্বান, ইঞ্জিনিয়ার সিদ্দিক, সাবের আহমদ আজগরী ও অন্যান্য নেতৃবৃন্দ। সাদেকরা একে একে বিমানে উঠার পর সেটি তাদেরকে নিয়ে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর বিমান বন্দরে বিমান অবতরণ করল। সেখান থেকে ২.৩০ ঘন্টা বিমান উড়ার পর বিমান বন্দরে সাক্ষাৎ হয় সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, আবদুর রাজ্জাক, আ.স.ম আবদুর রব প্রমুখ নেতৃবৃন্দের সাথে। রাত্রে খাবার শেষ করে ঘন্টা চারেক বিশ্রাম নেওয়ার পরে পুনরায় তাদের কাছে যাত্রার জন্য তৈরি হতে নির্দেশ আসে। ভোর ৫টায় চা-লুচি’র পর্ব শেষ করে তারা ভারতীয় সেনাবাহিনীর শক্তিমান ট্রাকের কনভয় এ উঠে পড়েন। ভোরে অন্ধকার থাকতে থাকতে তাদের কনভয় সাহারানপুর শহর ছেড়ে দেরাদুনের টান্ডুয়ার পথ ধরে। সাহারানপুর শহরের কোন দোকান মার্কেট বা দালানের সামনে একটি ছাড়া আর কোনটিতে হিন্দি ভাষা ছাড়া অন্য কোন ভাষা চোখে পড়েনি। ৩ ঘন্টা পরে পাহাড়-জঙ্গল-ঝর্ণায় ঘেরা একটি ক্যান্টনমেন্টের সামনের মাঠে তাদের বহনকারী কনভয়টি থামলো। প্রতিটি ট্রাকের সামনে বসা ভারতীয় আর্মি গাইড নেমে তাদেরকে বললেন, কোন প্রাকৃতিক কাজ থাকলে যেন পাশের জঙ্গলের ভিতর গিয়ে সেরে আসেন। সাদেক জঙ্গলের ভিতর গিয়ে দেখেন কমলা লেবুর বাগানের মাঝ দিয়ে একটি পাহাড়ী ঝর্ণা বয়ে যাচ্ছে। তিনি সেখানে একটি পাথরের উপর বসে প্রাকৃতিক কাজ শেষ করে ঝর্ণার স্বচ্ছ পানিতে হাতমুখ ধুয়ে আবার তাদের নির্দিষ্ট ট্রাকে উঠে বসেন। ঘন্টা খানেকেরও বেশি সময় পার হওয়ার পর তাদের ট্রাক পুনরায় যাত্রা শুরু করল। পরে জানতে পারেন সেখানে প্রায় ৪০/৪২ কিলোমিটারের মত পাহাড়ের দূর্গম চুড়া দিয়ে একমুখী রাস্তা, একদিন থেকে ছেড়ে আসা সর্বশেষ গাড়িটি অপর প্রান্তে না পৌঁছা পর্যন্ত অপর প্রান্ত থেকে কোন গাড়ি ছাড়া হয় না। উত্তর প্রদেশের নয়নাভিরাম পাহাড় ও অন্যদিকে মৃত্যুকূপ সদৃশ পাহাড়ি ঝিড়ি দেখতে দেখতে বিকাল নাগাদ তারা টান্ডুয়া ক্যাম্পে পৌঁছে যান। টান্ডুয়া ক্যাম্পে তাদের গ্রহণ করেন ভারতীয় সেনা অফিসারদের পাশাপাশি ক্যাম্পের বাঙালি চিফ ইনস্ট্রাক্টর হাসানুল হক ইনু, ডেপুটি লিডার আ.ফ.ম. মাহবুবুল হক ও শরীফ নুরুল আম্বিয়া এবং ইনস্ট্রাক্টর হিসেবে চট্টগ্রাম শহরের ফাহিম উদ্দীন, রাঙ্গুনিয়ার সরোজ বাবু।
পরদিন তাদের নাম, ঠিকানা শ্লেটে চক দিয়ে লিপিবদ্ধ করে বুকে ধরে রেখে ছবি তুলে গ্রুপ গ্রুপ করে মিলিটারি ব্যারাকে পাঠিয়ে দেওয়া হয়। প্রতিজনকে ৪টি কম্বল, ১টি মগ, ১টি থালা, ১টি চামচ দেয়া হয়। সন্ধ্যা ঘনিয়ে আসার প্রাক্কালে চা খাওয়ার ডাক পড়ে। এর পরে প্যারেড মাঠে লাইন ধরে দাঁড়ানো, জাতীয় সঙ্গীত গেয়ে গেয়ে পতাকা নামানোর মাধ্যমে নতুন প্রশিক্ষণার্থীদের প্রথম দিনের কাজ শেষ হয়।
রাত্রে তাদের প্রতি নির্দেশ আসে, সকালে খুব ভোরে উঠতে হবে। প্যারেড মাঠে লাইন ধরে জাতীয় সঙ্গীত গেয়ে গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে, শপথ বাক্য পাঠ করতে হবে। এরপর সকালের প্যারেড-এর মধ্য দিয়ে প্রশিক্ষণ শুরু হবে। প্রতি দিন জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ ও প্যারেডের পর সকালের চা-নাস্তা দেওয়া হত। দুপুরে-রাতের খাবার ছিল ভাত/রুটি, ভাজি, মাছ-মাংস। বিকেলেও চা-নাস্তা দেওয়া হত। টান্ডুয়া ক্যাম্পে বিএলএফ এর প্রশিক্ষণ হতো। তারা ছিলেন ১৩তম ব্যাচ এবং পরের সপ্তাহে আসা ১৪তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সাথে যুক্ত হয়ে ট্রেনিং শুরু করেন। বিএলএফ একটি রাজনৈতিক ও ছাত্র সংগঠনের সামরিক ও প্রশাসনিক প্রশিক্ষণপ্রাপ্ত উচ্চ শিক্ষিত দেশপ্রেমিক ছাত্র ও যুবকদের একটি সংগঠন। টান্ডুয়াতে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি রাজনৈতিক ক্লাস যেমন হতো, তেমনি প্রশাসনিক ক্লাসও হতো। এখানে চেগুয়েভারা, ফিদেল ক্যাস্ট্রো, হো.চি.মিন, বেনবেল্লা, লেনিনসহ বিভিন্ন দেশের বিপ্লবী যোদ্ধাদের জীবনালেখ্য আলোচনা করা হতো। এখানকার সামরিক প্রশিক্ষণের মান ছিল খুবই উন্নত। সাথে রাজনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ এবং সারা দেশের শাসন কাঠামো যাতে আমলাতান্ত্রিক না হয়ে গণমুখী ও তৃণমূল পর্যায়ে পৌঁছে তার ধারণাও শিক্ষা দেওয়া হতো।
দ্বিতীয় দিন থেকে তাদের রাইফেল ট্রেনিং দিয়ে অস্ত্র চালানোর শিক্ষা শুরু হয়। সকালে প্যারেড, দুপুরে ও বিকেলে অস্ত্র চালানো ও অস্ত্র-শস্ত্রে ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ, রাত্রে রাজনৈতিক ক্লাস ও বিভিন্ন দেশের গেরিলা যুদ্ধের ভিডিও প্রদর্শনের মাধ্যমে শিক্ষা দেওয়া হত। কোন কোন রাত্রে টিএন্ডটি স্ল্যাব, হাই এক্সপ্লোসিভ, বুবি ট্র্যাপ, এন্টি ট্যাঙ্ক মাইন বসানোর কৌশল ও ফুটানোর প্রশিক্ষণ দেওয়া হত। ডামি যুদ্ধে ক্রলিং এবং হেলিকপ্টার থেকে প্যারাসুট দিয়ে ভূমিতে অবতরণের কৌশল ইত্যাদি শিক্ষা দেওয়া হতো। এভাবে তারা এস.এম.জি, রাইফেল, এস.এল.আর, এল.এম.জি, ২-৩ মর্টার, রিকয়েললেস রাইফেল, মেশিনগান চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেন। বিভিন্ন অস্ত্রের প্রশিক্ষণ গ্রুপ, প্ল্যাটুন ও স্কোয়াডে বিভক্ত করে ট্রেনিং দেওয়া হতো। প্রশিক্ষণের মাঝখানে টার্গেট শুটিংএর পরীক্ষাও নেওয়া হতো। ভারতের উত্তর প্রদেশের টান্ডুয়া নামক স্থানে গেরিলা ট্রেনিং সেন্টার থেকে সামরিক বিদ্যায় হাতে কলমে উচ্চতর প্রশিক্ষণ সমাপ্ত করে দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করার মানসে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য নভেম্বর মাসের মাঝামাঝি ভারতীয় সেনাবাহিনীর পরিবহন শক্তিমান ট্রাকে করে বিপদসংকুল অথচ নয়নাভিরাম পাহাড়ের একমুখী সরু পাহাড়ি পথ ধরে সাহারানপুর বিমান বন্দরে পৌছে যান দুপুরের দিকে। সাহারানপুর, ঝাউবন ঘেরা চারিদেকের দারুচিনি গাছের সুগন্ধী ছড়ানো এক মনোরম পরিবেশের শহর। সাহারানপুরে ভারত সরকারের সরবরাহকৃত গরম গরম সুগন্ধী চা-এর সাথে ডালপুরি কিনে খেতে মজা। সাহারানপুরে তারা টান্ডুয়ার মত মেঘ বৃষ্টির খেলা বা কখনো ঘনকুয়াশা, কখনো হালকা তুষার এবং বরফে আচ্ছাদিত পাহাড়ের দৃশ্য হারিয়ে ফেলেন। এখানে শুষ্ক নির্মল হাল্কা ঠান্ডা পরিবেশ। দুপুরের খাওয়া-দাওয়ার পর পুনরায় সাহারানপুর সামরিক বিমান ঘাঁটি থেকে সামরিক কার্গো বিমানে করে বিকেল নাগাদ আসাম রাজ্যের একটি সামরিক বিমান ঘাঁটি, সম্ভবত কুম্বীগ্রাম বিমান ঘাঁটিতে পৌঁছে যান। এখান থেকে মিজোরামের আইজল, লুংলেহ হয়ে তারা দুই দিনে ডিমাগিরি পৌঁছেন। সারাপথে তাদের কনভয় ছিল লতাপাতা, গাছের ডাল-পালা দিয়ে ক্যামোফ্লেজ করা। পথে তারা এক রাতে কলাপাতা বা নিজেদের সেলাইবিহীন লুঙ্গির এক কোণায় ডাল-ভাত গাছের পাতা নিয়ে খান। অবশেষে তারা নভেম্বরে ১৭ কিংবা ১৮ তারিখ ডিমাগিরি পৌছান। সেখানে এসে দেখেন হাজার হাজার বাঙালি যুবক যুদ্ধে যাওয়ার জন্যে ইয়ুথ ক্যাম্পে অধিক আগ্রহে অপেক্ষমান। তাদের অধিকাংশ পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা, সাতকানিয়া, রাউজান এবং রাঙ্গুনিয়ার ছাত্র ও যুবক। যারা বিপদ সংকুল, দুঃসাধ্য ঠেগার পাহাড়ের মত দুর্গম পথ পাড়ি দিয়ে মৈদং, জুরাছরি, আইমাছড়া, ভূষণছড়া পার হয়ে ভারতে গিয়েছে, আবার কেউ গ্যাইন্দা রাজস্থলী, ফারুয়া হয়ে পূর্বোক্তদের পথ ধরে ঠেগার পাহাড় পার হয়েছে। আবার কেউ কেউ দুমদুম্যা, রায়খালী, চিতমরম, বিলাইছড়ি, কেংড়াছড়ি হয়ে ঠেগার পাহাড় পাড়ি দিয়ে ডিমাগিরি পৌঁছেছে। তারা ডিমাগিরি পৌঁছার পর সুলতান আহমদ কুসুমপুরী তাঁর দলবল নিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন, সাথে সাদেকের গ্রুপের আবুল কাসেমকে (গৈড়লা) নিয়ে যান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa