বিহারে কোশী নদীতে ভয়াবহ নৌকাডুবি, শিশু সহ নিখোঁজ ৭
ভারতের বিহারের সুপোল জেলায় কোশী নদীতে নৌকাডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে ১২ জন যাত্রী নিয়ে মাঝনদীতে একটি ডিঙ্গি নৌকা উল্টে যায়। এই ঘটনায় ৫ জনকে উদ্ধার করা হলেও শিশুসহ অন্তত ৭জন এখনও নিখোঁজ রয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। স্থানীয় সূত্রে প্রকাশ, মঙ্গলবার (৯ জুন) সকালে স্থানীয় বাসিন্দারা নদীর ওপারের চরে মুগ ডাল তুলতে যাচ্ছিলেন। মাঝ নদীতে আচমকা ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে যায়। মুহূর্তের মধ্যে যাত্রীরা নদীতে তলিয়ে যান। তাদের আর্তনাদ শুনে গ্রামবাসীরা ছুটে আসেন এবং দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। গ্রামবাসীদের প্রচেষ্টায় ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে ভপটিয়াহী গ্রামের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জন মহিলা ও ৩ জন পুরুষ পুরুষ রয়েছেন। ৪ জনের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁদের উন্নত চিকিৎসার জন্য সুপোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করেছেন। খবর পাওয়ার পর সুপোল জেলা প্রশাসনের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি করছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এসডিআরএফ এর বিশেষজ্ঞ দল মোটর বোট নিয়ে নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এখনও পর্যন্ত নিখোঁজদের কোনো হদিশ পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।