বিশ্ব পরিবেশ দিবসে র্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ০৫ জুন ) সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষ্যে "করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" প্রতিপাদ্য নিয়ে এক বর্ণাঢ্য র্যালি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং র্যালী পরবর্তী আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন,নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার।
র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইএসডিএম বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৪ সালের ৫ জুন থেকে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে পরিবেশ দিবস পালন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ সারাবিশ্বে মরুময়তার ঝুঁকি বাড়ছে। মরুকরণের কারণে উর্বর জমি শুষ্ক ও অব্যবহারযোগ্য জমিতে পরিণত হচ্ছে। প্রতি বছর মরুকরণের কারণে সারা বিশ্বে ১২ মিলিয়ন হেক্টর জমি উর্বরতা হারাচ্ছে। ২০৫০ সালের মধ্যে ৭০০ মিলিয়ন মানুষ ভূমি সম্পদের অভাবজনিত সমস্যার কারণে বাস্তুচ্যুত হতে পারে। এ সংখ্যা শতাব্দীর শেষে ১০ বিলিয়ন পর্যন্ত বাড়তে পারে। বাংলাদেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল মরুকরণের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মরুকরণের কারণে প্রায় ২৫ শতাংশ জমি ইতোমধ্যে প্রভাবিত হয়েছে এবং আগামী ২০ বছরে আরও ২০ শতাংশ জমি মরুকরণের ঝুঁকিতে থাকতে পারে। বক্তারা আরও বলেন, অতি সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় "রেমাল" বাংলাদেশে ২৪ ঘন্টারও বেশি সময় অবস্থান করে। এতে নোয়াখালী জেলায় প্রায় ২৪৯ কোটি ৭৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবেশ দূষণের কারণে পরিবেশের ভারসাম্য দিনদিন নষ্ট হচ্ছে। আমাদের সকলকে পরিবেশ দূষণ রোধে সচেতন হতে হবে এবং সবুজ বনায়নে কাজ করতে হবে। উক্ত আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী,শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।