
বিয়ের আসরেই মর্মান্তিক পরিণতি, মালা বদলের পরই মৃত্যু
ভারতের ত্রিপুরায় আনন্দ উৎসবের আবহেই নেমে এল শোকের ছায়া। বিয়ের মন্ডপে মালা বদলের কিছুক্ষনের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হল কনে আয়েশা দেববর্মার। ঘটনাটি ঘটেছে রবিবার (৩ মে) রাতে। এনিয়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। জানা যায়, চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের পাগলী বাড়ি এলাকার বাসিন্দা তথা টিএসআরের কর্মী বুদ্ধ দেববর্মার একমাত্র ছেলে খাপাং দেববর্মার বিয়ের উদ্দেশ্যে, শতাধিক আত্মীয় স্বজন ও বর যাত্রী নিয়ে বাড়ি থেকে রওনা দেন। কনের বাড়িছিল চেলিখলা এলাকায়। বিয়ে উপলক্ষে দুই বাড়িতেই চলছিল আনন্দ উৎসব, অতিথি আপ্যায়ন ও বিভিন্ন আচার অনুষ্ঠান। কিন্তু হঠাৎই সেই আনন্দ থমকে যায়। মালা বদলের পরেই মন্ডপে অজ্ঞান হয়ে পড়ে যান নববধূ। দ্রুত তাঁকে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, সোমবার (৪ মে) দুপুরে রামনগরের পাগলী বাড়িতে বৌভাতের আয়োজন ছিল, সেখানে গোটা গ্রামকে নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু তার আগেই এই মর্মান্তিক ঘটনায় শোক স্তব্ধ হয়ে পড়ে পরিবার পরিজন ও সমগ্র এলাকা।
![]()









