বিপর্যস্ত লাখাই: কুপি বাতিতে চলছে পড়াশোনা, কৃষি ও খামারে দুর্যোগের কালো মায়া
হবিগঞ্জের লাখাই উপজেলায় গত দুই দিন ধরে চলমান টানা ভারী বর্ষণ ও প্রবল ঝড়-তুফানে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই দুর্যোগ ২৯ এপ্রিল পর্যন্ত আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক ও খামারিরা।
টানা দুই দিন ধরে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে পুরো লাখাই। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা অচল হয়ে পড়েছে, ফলে বাইরের জগতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন স্থানীয়রা। রাতের অন্ধকারে আলোর প্রয়োজনে মানুষ এখন ফিরে গেছে পুরনো দিনের মোমবাতি, কুপি বাতি ও হারিকেনের ওপর। কেরোসিন ও মোমবাতির চাহিদাও এখন তুঙ্গে।
বিদ্যুৎহীনতা ও টানা বৃষ্টির কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চলমান এসএসসি পরীক্ষার্থীরা। আলো ও অনুকূল পরিবেশের অভাবে তাদের পড়ালেখা প্রায় বন্ধ। স্কুলগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারছেন না।
উপজেলার পোল্ট্রি ও ডেইরি খামারিরা চরম সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন। খামারগুলোতে আইপিএস সুবিধা থাকলেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সেগুলো চার্জশূন্য হয়ে পড়েছে। বাধ্য হয়ে খামারিরা কুপি বা বড় ল্যাম্প জ্বালিয়ে গবাদি পশু ও মুরগি রক্ষার চেষ্টা করছেন। পর্যাপ্ত আলো ও নিয়ন্ত্রিত তাপমাত্রার অভাবে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা।
সবচেয়ে বড় আঘাত এসেছে কৃষি খাতে। গত ২৮ এপ্রিল পর্যন্ত উপজেলায় প্রায় ৭০ হেক্টর ধানি জমি তলিয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। কিন্তু ২৯ এপ্রিল রাতভর ভারী বর্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার উঁচু জমিগুলোও এখন পানির নিচে। স্থানীয় কৃষকদের মতে, আজ সারাদিন বৃষ্টি না থামলে উপজেলার অবশিষ্ট জমিও তলিয়ে যাবে।
জমিতে পাকা ধান থাকা সত্ত্বেও তা ঘরে তুলতে না পেরে এবং চোখের সামনে সোনালি স্বপ্ন তলিয়ে যেতে দেখে কৃষকদের মাঝে আহাজারি চলছে। সচেতন মহলের আশঙ্কা, এই ফসলহানি পুরো উপজেলায় তীব্র খাদ্য সংকট সৃষ্টি করতে পারে।
দুর্যোগের এই মুহূর্তে লাখাইবাসীর প্রধান দাবি হলো দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা সচল করা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ না দেখায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বেড়েই চলেছে।