
বান্দরবানে মন্ত্রী জেরী’র হাত থেকে সংবর্ধনা পেলো এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এসএসসি ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের কর্মকর্তা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভালো ফলাফলের পাশাপাশি দেশ ও সমাজের জন্য নিজেকে যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ২০২৬ পরীক্ষায় এ প্লাস (GPA-5) অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা তুলে দেওয়া হয়।
![]()









