বাজিতপুরে জন্মলগ্ন থেকেই দুটি ইউনিয়নে নেই ভূমি অফিস, ভোগান্তিতে সাধারণ মানুষ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার প্রায় ২২ বর্গ কিঃমিঃ আয়তন বিশিষ্ট মাইজচর ইউনিয়ন । কালের স্বাক্ষী বহনকারী মেঘনা ও ঘোড়াউত্রা নদী তীরে গড়ে উঠা একটি ঐতিহ্যবাহী অঞ্চল। একসময় এই ইউনিয়নের উপর দিয়েই বড় বড় নৌ জাহাজ ঢাকা, কলকাতা ও রেংগুনসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করত। এ ইউনিয়নের দশটি গ্রামে জনসংখ্যা রয়েছে প্রায় ১৭ থেকে ১৮ হাজার। এখানে ইউনিয়ন পরিষদ আছে। তবে নেই ইউনিয়ন ভূমি অফিস। ভূমি সেবা নিতে প্রায় দেড় থেকে দু'শ টাকা খরচ করে নৌকা, সিএনজি/রিক্সাযোগে তাদের যেতে হয় উপজেলা ভূমি অফিসে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসে। আর এ সেবা নিতে গিয়ে খেটে খাওয়া মাঝি, কৃষক, জেলেসহ সব পেশার মানুষদের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে। ভোগান্তিতেও পড়ছেন সাধারণ মানুষজন। দেখার যেনো কেউ নেই। এই ইউনিয়নের চেয়ারম্যান তাবারক মিয়াজী তিনি নিজেও উপজেলা সদরে বাসা করে বসবাস করছেন। তাৎক্ষণিক চেয়ারম্যানের কোনো কাজে লাগলে সাধারণ মানুষদের অতিরিক্ত খরচা করে উপজেলা সদরে আসতে হয়। এ নিয়েও ভোগান্তিতে রয়েছে এখানকার জনগণ। স্থানীয়দের ভাষ্য চেয়ারম্যান যদি নিজ ইউনিয়নের বাড়িতে নিয়মিত বসবাস করতেন তাহলে সেবা পেতে আরো সুবিধা হতো।
এদিকে ইউপি চেয়ারম্যান তাবারক মিয়াজীও চান ইউনিয়নেই যেনো ইউনিয়ন ভূমি অফিস স্থাপন করা হয়। ইউনিয়নে ভূমি অফিস না থাকায় সাধারন মানুষের ভোগান্তির কথাও তিনি স্বীকার করেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাসিমা আক্তার দ্বিমত পোষণ করে বলেন, উপজেলাতেই ইউনিয়ন ভূমি অফিস থাকায় মাইজচরের জনগণের সুবিধা। তিনি এটিও বলেন যে মাইজচরের লোকজন উপজেলা শহরে ইউনিয়ন পর্যায়ের ভূমি সেবা নিতে আসলে এক কাজে দু'কাজ করে যেতে পারে।
বাজিতপুর উপজেলার আরেকটি ইউনিয়ন হুমাইপুর। এটিও একটি নদী বেষ্টিত ইউনিয়ন। এই ইউনিয়নে জনসংখ্যা প্রায় ১৮ থেকে ১৯ হাজার হবে। এখানেও ভূমি অফিস নেই। প্রায় দেড় থেকে দু'শ টাকা খরচা করে মাইজচর ইউনিয়নবাসীর মতো উপজেলা ভূমি অফিসে যেকোনো ভূমি সেবার জন্য যেতে হয়। উপজেলা ভূমি অফিসের ভিতরেই মাইজচর ও হুমাইপুর ইউনিয়ন ভূমি অফিসের কাজ পৃথক পৃথক কক্ষে সম্পন্ন করা হয়। হুমাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ইউনিয়নে যদি ভূমি অফিস থাকতো তাহলে আমাদের জনগণের জন্য সুবিধা হতো। এখানকার অধিকাংশ নিম্নআয়ের মানুষজনকে অতিরিক্ত অর্থ ও সময় খরচা করে উপজেলাতে যেতে হয় ইউনিয়ন পর্যায়ের ভূমি সেবা নিতে।
স্থানীয় মানুষজন বলেন, তাদের অনেক অসুবিধা হয় ভূমি অফিস ইউনিয়নে না থাকায়। ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. তাজুল ইসলামও জানান তাদের অসুবিধার কথা। তাদেরও অনেক ভোগান্তি ও বাড়তি খরচ লাগে উপজেলা থেকে ইউনিয়নে গিয়ে সার্ভে বা ভূমি সম্পর্কিত কাজ করতে। ইউনিয়নেই যেনো ইউনিয়ন ভূমি অফিস স্থানান্তর করা হয় এমনটিও দাবি করেন তিনি।
মাইজচরের ফরিদ মিয়া নামে বায়োজ্যেষ্ঠ এক ব্যক্তি বলেন, জন্ম লগ্ন থেকেই তারা দেখে আসছেন ইউনিয়নের মানুষজনের ইউনিয়ন পর্যায়ের সেবাগুলো বাধ্য হয়ে উপজেলা শহরে গিয়ে নিতে হচ্ছে। হয়তোবা কোনো অদৃশ্য কারনে ইউনিয়নে ভূমি অফিস স্থানান্তর করা হচ্ছে না এমনটিও মনে করেন তিনি। ইউনিয়ন পরিষদের কার্যক্রম যদি ইউনিয়নে চলতে পারে তাহলে ভূমি অফিসের কাজগুলো কেনো চলতে পারেনা এমন প্রশ্নও করেন তিনি। ইউনিয়ন ভূমি অফিস প্রতিষ্ঠার পর থেকে কখনোই এ দুটি ইউনিয়নে ভূমি অফিস ছিলো না। আর এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও উর্দ্বতন কর্তৃপক্ষের গাফিলতি বা সদিচ্ছার অভাব রয়েছে বলেও মনে করেন কেউ কেউ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম হুসাইন ও ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আফরিন হক এ বিষয়ে বলেন, মাইজচর ও হুমাইপুর পানি অধ্যূষিত দুটি ইউনিয়ন। দুটি ইউনিয়নের ভূমি অফিস উপজেলা ভূমি অফিস থেকে স্থানান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।