- - -

বাগেরহাট পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, বন্ধ স্বাভাবিক কার্যক্রম

img 20261019 wa0510
Print News

বাগেরহাট পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, বন্ধ স্বাভাবিক কার্যক্রম

 

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) মেশিন। ফলে বন্ধ রয়েছে পাসপোর্ট অফিসের সেবা প্রদানসহ স্বাভাবিক কার্যক্রম।

সোমবার (১৯ অক্টোবর) দিনভর সেবা নিতে এসে ফিরে গেছেন অনেক আবেদনকারী।

রবিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে সার্ভার কক্ষে থাকা ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আগুনের বিষয়টি টের পান কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে সার্ভার কক্ষ খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে এ ঘটনায় সার্ভার, কম্পিউটারসহ অন্য কোনো যন্ত্রপাতি কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষতি হয়নি।

অফিস সূত্রে জানা গেছে, এভিআর মেশিনটি নষ্ট হয়ে যাওয়ায় সোমবার পাসপোর্টের ছবি তোলা, আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণ কার্যক্রম বন্ধ রাখতে হয়। এতে সেবা নিতে আসা অনেক আবেদনকারীকে ফিরে যেতে হয়েছে।

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান বলেন, অতিরিক্ত বৈদ্যুতিক লোডের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মূলত লোডশেডিংয়ের পর বিদ্যুৎ সরবরাহ চালু হলে অতিরিক্ত লোড সৃষ্টি হয়। এর ফলে এভিআর মেশিনটিতে আগুন লাগে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এভিআর মেশিনটি মেরামতের জন্য পাঠানো হয়েছে। মেশিনটি ঠিক হলে আগামী রবিবার (২৫ অক্টোবর) থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।

সহকারী পরিচালক বলেন, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দুর্গাপূজার ছুটি এবং শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় সেবা কার্যক্রম বন্ধ থাকলেও গ্রাহকদের তেমন ভোগান্তিতে পড়তে হবে না বলে আশা করছেন তারা। এভিআর মেশিনটি পুড়ে গেলেও সার্ভার কক্ষের অন্য কোনো যন্ত্রপাতি ও নথিপত্রের ক্ষতি হয়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa