বর্ধমানে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত
একইদিনে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের পৃথক ২টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। রায়নায় মাঠে আলু তুলতে যাবার পথে ট্রাক্টর উল্টে মৃত্যু হয়েছে এক কৃষি শ্রমিকের। ওই দুর্ঘটনায় আহত হন ১২ জন কৃষি শ্রমিক। মৃত এবং আহত সকলেই সুন্দরবনের বাসিন্দা। অপরদিকে, ভাতারে গাড়ির ধাক্কায় মারা গিয়েছেন এক ফেরিওয়ালা। স্থানীয় সূত্রে প্রকাশ, হাসনাবাদ এবং সুন্দরবন এলাকা থেকে মোট ২১ জন শ্রমিকের একটি দল রায়নায় আলু তোলার কাজে গিয়েছিলেন। রবিবার (৮ মার্চ ) সকালে হিজলনা থেকে জাকতা যাওয়ার পথে শ্মশানের কাছে তাঁদের ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাক্টরে থাকা সকলেই কমবেশি আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে মনোরঞ্জন মন্ডল (৬০) কৃষককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অপরদিকে, রবিবার (৮ মার্চ ) ভোরে পূর্ব বর্ধমানের ভাতারে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর মৃতের নাম নরুল ইসলাম খাঁ (৬৫)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানার শিকারপুর গ্রামে। দুর্ঘটনাটি হয পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার বর্ধমান বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কের বড়াচৌমাথা সংলগ্ল করুঞ্জি মোড় এলাকায়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে অকুস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গুসকরা ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত নরুল সাবানের ফেরি করতেন।