বর্ধমানের কুলটিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু ফুটবল রেফারির
পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক বৃদ্ধের। মঙ্গলবার (৩১ মার্চ ) সকালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কুলটি থানার আসানসোল পুরনিগমের ১০২ নম্বর ওয়ার্ডের সোদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত বৃদ্ধের নাম ফটিক লায়েক (৬৩)। তিনি এলাকার একজন সমাজকর্মী, ফুটবল রেফারি এবং দিনমজুর হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, এদিন সকাল ৬ টায় ফটিক তাঁর ২ সঙ্গী হরিশ ধীবর ও মোহন ধীবরের সঙ্গে বাড়ির অদূরে একটি পুকুরে মাছ ধরতে যান। এসময় আচমকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে একটি বাজ পুকুরের কাছে পড়ে। বজ্রপাতে ফটিক জলের মধ্যে পড়ে যান এবং তাঁর ২ সঙ্গী পাড়ে ছিটকে পড়ে অচৈতন্য হয়ে যান। ২ সঙ্গীর জ্ঞান ফিরলে তাঁরা ফটিককে উদ্ধার করে দ্রুত আসানসোল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।