বন্যায় ভাসছে আসাম, মৃত বেড়ে ৬২
ভারতের আসামরাজ্যে বন্যা পরিস্থিতি আবার ও বিপদজ্জনক হয়ে উঠেছে। ১২ জেলায় এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৭ লক্ষ ৫ হাজার ১৪৮। বন্যা কারণে নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৬২। রাজ্যের ৮৫৬ টি গ্রাম বন্যার জলে প্লাবিত। ৫৬, ৬০৬ হেক্টরের ও বেশি জমির ফসল জলে নষ্ট হয়ে গিয়েছে। এর প্রভাব পড়বে খাদ্য মূল্যে। নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ৭ জন চরাইদেও, ৬ জন শিবসাগরে, ১জন যোরহাট জেলায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে শিবসাগর, সেখানে ৩ লক্ষ ৪৮ হাজার ৫৫৫ জন বন্যা কবলিত। তারপরেই রয়েছে চরাইদেও ১ লক্ষ ৮৮ হাজার ৪০৪ জন, এবং যোরহাট ১ লক্ষ ২৬ হাজার ৭৯৩ জন। এছাড়াও বর্তমানে ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল গোলাঘাট, চরাইদেও, ডিব্রুগড়, হোজাই, নগাঁও, বিশ্বনাথ, যোরহাট, ধেমাজি, শিবসাগর, শোনিতপুর, কামরুপ( মেট্রো ) এবং কার্বি আংলং। সবমিলিয়ে ১লক্ষ১৫ হাজার ২০৫ জন মানুষ ৪৮৭ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ৩৮১টি ত্রাণ বন্টন কেন্দ্র গুলোর মাধ্যমে ২ লক্ষের ও বেশি মানুষকে ত্রাণ সাহায্য করা হচ্ছে। গোটা বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হিমন্ত সরকার। অন্যদিকে, নতুন করে চোখ রাঙাছে আবহাওয়া। এর কারণে আসামের আকাশে ঘনঘটা অব্যাহত।