বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে অন্যরকম একটি দিন কাটালেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার বড় ভাই আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
গতকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে দুই ভাই জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু ও তার পিতা-মাতার কবর জিয়ারত এবং ৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এর আগে সমাধি সৌধে পৌঁছে বঙ্গবন্ধুর বাড়িতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের ব্যক্তিগত খোঁজখবর নেন দুই নেতা।
এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, ভাই আজাদ সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।