ফেসবুকে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইলকারী গ্রেফতার
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর সফল অভিযানে অজ্ঞাতনামা ফেসবুক আইডির মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ব্যবহার করে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ সেলিম (৩৫) অভিযোগ করেন যে, প্রায় তিন মাস আগে অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বোনের পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে ওই ব্যক্তি কৌশলে তার বোনের অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে। পরে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে বাদীর বোন ও তার ১৩ বছরের কন্যাকে ভয়ভীতি দেখিয়ে এক লাখ টাকা দাবি করে ব্ল্যাকমেইল শুরু করে।
ঘটনাটি গুরুত্বসহকারে বিবেচনা করে যশোর জেলার পুলিশ সুপার রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরকে নির্দেশ দেন। অফিসার ইনচার্জ, ডিবি যশোরের নেতৃত্বে এসআই (নিঃ) শিবু মন্ডল ও এএসআই (নিঃ) গৌরাঙ্গ মন্ডলসহ সঙ্গীয় অফিসার-ফোর্স একটি অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১টা ২৫ মিনিটে কোতোয়ালি থানাধীন পৌরসভাস্থ রেল রোড টু শংকরপুরগামী ইসহাক সড়কের রামকৃষ্ণ আশ্রমের সামনে পাকা রাস্তা থেকে মোঃ সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১)কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। এ সময় তার কাছ থেকে একটি Oppo A16 মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
মোঃ সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১)
পিতা: মোঃ রফিকুল ইসলাম বাবলু
ঠিকানা: বড় বালিয়াডাংগা, থানা- কোতোয়ালি, জেলা- যশোর।
উদ্ধারকৃত মালামাল:
একটি Oppo A16 মোবাইল ফোন।