ফের রক্তাক্ত কাশ্মীর, গুলির লড়াইয়ে শহিদ পুলিশ কর্মী
আবারও রণক্ষেত্র ভারত শাসিত জম্মু ও কাশ্মীর। সোমবার (১৫ ডিসেম্বর )রাতে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে শহিদ হলেন এক পুলিশ কর্মী। জবাবি হামলায় এক জঙ্গি গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে প্রকাশ, নিরাপত্তা বাহিনীর কাছে গোপন খবর ছিল উদমপুর জেলার জঙ্গল ঘেরা এক গ্রামে লুকিয়ে রয়েছে ৩ জন জঙ্গি। গোপন খবরের ভিত্তিতে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশের বিশেষ বাহিনী, সিআরপিএফ ও সেনার যৌথ দল। তবে রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে অভিযান চালানো কঠিন হয়ে ওঠে নিরাপত্তা বাহিনীর জন্য। এদিকে ঘেরাটোপে বন্দি হয়েছে বুঝতে পেরে অতর্কিতে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। হঠাৎ এই আক্রমণে গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মী। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শহিদ হন তিনি। জবাবি হামলায় এক জঙ্গি আহত হয়েছে বলে জানা গেছে। জঙ্গিরা যাতে কোনওভাবে পালাতে না পারে তা নিশ্চিত করতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।